তেহেরান: মুহুর্মুহু শেলিং, বিস্ফোরণের মাঝে প্রাণরক্ষাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran-Israel War) মাঝে ইরানে আটকে পড়েছেন প্রায় ৯ হাজার ভারতীয়। যাঁদের মধ্যে পড়ুয়ার সংখ্যাই বেশি। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধ নিয়ে এখনও পর্যন্ত ভারতের মৌন থাকার এটা অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আটকে পরা ভারতীয়দের উদ্ধার এখন ইরান-ইজরায়েল-আমেরিকার সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ারও বিষয় বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধের (Iran-Israel War) আবহে বড়সড় স্বস্তির খবর জানিয়েছে ইরানের ভারতীয় দূতাবাস। জানা গিয়েছে, তেহেরানে আটকে থাকা অধিকাংশ পড়ুয়াকেই নিরাপদ স্থানে সরানো হয়েছে।
পড়ুয়াদের যাবতীয় বন্দোবস্ত করছে দূতাবাস
মঙ্গলবার ইরান-স্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তেহেরানে বিপজ্জনক (Iran-Israel War) পরিস্থিতিতে আটকে পরা ভারতীয় পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। তাঁদের থাকা খাওয়া সহ যাতায়াত সব কিছুরই বন্দোবস্ত করছে ভারতীয় দূতাবাস।
ইরানে এখনও পর্যন্ত প্রায় ৮০০ মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও বেশ কিছু পড়ুয়া নিরাপদ স্থানে যেতে চাননি। তাঁদের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি, যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


