Aaj India Desk, ভাঙড় : ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই ফের উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবার সকালেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হয় ব্যাগভর্তি বোমা (Bomb)। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ।
সন্দেহজনক ব্যাগ ঘিরে চাঞ্চল্য
বিজয়গঞ্জ বাজারের কৃষ্ণমাটি এলাকায় স্থানীয় বাসিন্দারা সকালে দুটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ডেকে দু’টি প্লাস্টিকের ব্যাগে রাখা মোট ২৬টি তাজা বোমা (Bomb) উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, এই ঘটনার পিছনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মদত রয়েছে বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তবে ISF নেতৃত্ব সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।
ভোটের আগে বাড়ছে নজরদারি
পুলিশ জানিয়েছে, নির্বাচনের আগে ভাঙড় ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে ভাঙড় এলাকায় অতীতে একাধিকবার বিস্ফোরক (Bomb) উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে এই উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


