Aaj lndia Desk, কলকাতা: দীর্ঘ বিতর্ক, প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগের আবহ কাটিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন-এর গ্রুপ সি (SSC Group C) নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা বজায় রাখতে এ বার একাধিক নতুন বিধিনিষেধ জারি করে কমিশন।
রবিবার সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে ছিল বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের পরীক্ষায় (SSC Group C) সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল – জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা। চটি বা স্যান্ডেল ছাড়া অন্য কোনও জুতো অনুমোদিত নয়। বহু পরীক্ষার্থীকে জুতো খুলেই কেন্দ্রে ঢুকতে দেখা যায়। কমিশনের দাবি, প্রশ্নফাঁস ও নকল রুখতেই এই বাড়তি সতর্কতা।
শুধু জুতো নয়, মোবাইল ফোন, স্মার্টওয়াচ-সহ সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয় (SSC Group C) । পরীক্ষাকক্ষ ও তার আশপাশে সিসিটিভি নজরদারি জোরদার করা হয়। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
অতীতের বিতর্কের প্রেক্ষিতে এ বার কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন ও প্রশাসন। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাই ছিল মূল লক্ষ্য- এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।


