Aaj India Desk, কলকাতা : অবসরের পর সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নজর বুলিয়ে নেওয়াই ছিল সময় কাটানোর উপায়। ঠিক সেখানেই ব্যাঙ্ক ম্যানেজারের চোখে পড়ে যায় একটি ‘পেনশন কার্ড’ (Pension Card) এর বিজ্ঞাপন!
বিজ্ঞাপনের আড়ালে ফাঁদ
চলতি মাসের ৭ তারিখে ফেসবুকে একটি তথাকথিত ‘পেনশন কার্ড’ সংক্রান্ত বিজ্ঞাপনে ক্লিক করার পর গড়ফার এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার সাইবার জালিয়াতির শিকার হন। বিজ্ঞাপনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করে এক ব্যক্তি, যিনি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি বলে দাবি করেন। ওই কার্ড পেতে হলে ‘Pensions Card Dispatch for Ex Employee & Retired Manager’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়।
তদন্তে জানা যায়, অ্যাপটি আসলে একটি APK ফাইল। সেটি ডাউনলোড করার পর জালিয়াতরা দূর থেকে তাঁর মোবাইল ফোন ও ব্যাঙ্কিং অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক ক্লিকেই শেষ হয়ে যায় তাঁরজীবনের জমাপুঞ্জি। কয়েক মিনিটের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাইবার অপরাধ দমন শাখা। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা একটি সাইবার প্রতারণা চক্রের সন্ধান পান। প্রাথমিকভাবে মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। ২৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সায়ন রাজবংশী, অরিন্দম দাস, শৌভিক ব্যাপারী এবং অর্পণ দাসকে। অভিযোগ, তারা চক্রের মূল সদস্যদের ব্যবহারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সিম কার্ড জোগাড় করত। পরবর্তী তদন্তে এন্টালি থানার এলাকা থেকে দিলদার আনসারি ও অনীশ সরকারকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধেও একই ধরনের ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।
উদ্ধার সামগ্রী , চলছে অভিযান
অভিযানে পুলিশ ১৬টি মোবাইল ফোন, ১০টি সচল সিম কার্ড, একাধিক ব্যাঙ্ক নথি, এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করেছে। এছাড়া প্রায় ৮ লক্ষ টাকা নগদ, সোনার গয়না, দামী ঘড়ি এবং একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের ঝাড়খণ্ডভিত্তিক একটি আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগ ছিল যারা এই ধরনের পেনশন কার্ডের (Pension Card) বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতি করছে। পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত চলছে। তবে এর সাথে সাথে কলকাতা পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অজানা অ্যাপ বা APK ফাইল ডাউনলোড না করা এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার আবেদন জানানো হয়েছে।


