Aaj India Desk, কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে CPM ও Indian Secular Front (ISF) এর মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। গতকাল নওশাদ জানিয়েছিলেন দীর্ঘ আলোচনার পর আসন সংখ্যা নিয়ে বড় জট কাটানো সম্ভব হয়েছে।
কয়টি আসনের চুক্তি ?
সূত্রের খবর, বামফ্রন্ট ISF-কে ৩১টি আসন দেওয়ার প্রস্তাবে কার্যত সম্মতি দিয়েছে। বুধবারের বৈঠকটি মূলত আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত রূপরেখা স্থির করার জন্যই হচ্ছে বলে জানা গেছে। ISF প্রথমে প্রায় ৪৫টি আসন দাবি করলেও শেষপর্যন্ত ৩১ আসনের ফর্মুলায় সমঝোতা হয়েছে। বাকি শরিকদের দাবির সঙ্গে সমন্বয় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার আলিমুদ্দিনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকির প্রায় দুই ঘণ্টার বৈঠকের পরই সমীকরণ স্পষ্ট হতে শুরু করে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত একাধিক আসন আইএসএফের ঝুলিতে যেতে পারে বলে সূত্রের ইঙ্গিত।
নওশাদ বলেন, “বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তুলতেই বাস্তবসম্মত সমঝোতা জরুরি ছিল।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট ও ISF একসঙ্গে লড়েছিল। তবে আসন সমন্বয় নিয়ে কিছু সমস্যার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিজ্ঞতা মাথায় রেখেই চূড়ান্ত চুক্তির আগে দীর্ঘ আলোচনা করা হচ্ছে বলে দুই পক্ষের দাবি।
বুধবার আনুষ্ঠানিক ঘোষণা হলে বাম–ISF জোটের পূর্ণ চিত্র স্পষ্ট হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভায় নিজেদের উপস্থিতি বাড়াতে খাতা খুলতে মরিয়া বাম নেতৃত্ব এবার বাস্তবসম্মত সমঝোতার পথে হাঁটছে। নির্বাচনের আগে এই সমঝোতা রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


