Aaj India desk, কলকাতা: কলকাতায় নতুন ছবির প্রচারে এসে এক অন্য লড়াইয়ের কথাই শোনালেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। তাঁর বক্তব্য, ‘নারীবাদী’ শব্দটিকে আজও অনেকেই ভুল বোঝেন— এমনকি ইন্ডাস্ট্রির বহু সমসাময়িক অভিনেত্রীও। কেউ কেউ প্রকাশ্যে বলেন, তাঁরা নারীবাদী নন, শুধু সমান অধিকারে বিশ্বাসী। তাপসী পান্নু(Taapsee Pannu) প্রশ্ন, এই দুইয়ের মধ্যে বিরোধ কোথায়? তাঁর কথায়, “অজ্ঞতা থেকেই ‘নারীবাদী’ শব্দটিকে খারাপ তকমা বানানো হয়।”
গার্হস্থ্য হিংসা থেকে ধর্ষণ— দেশের নানা প্রান্তে নারীর উপর অত্যাচার থামেনি। তবে প্রতিবাদের ভাষা বদলেছে। সেই বদলের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে সিনেমা। ‘থাপ্পড়’, ‘পিঙ্ক’ বা ‘মনমর্জ়িয়াঁ’-র মতো ছবিতে কাজ করে তাপসী(Taapsee Paanu) দেখেছেন, নারী-কেন্দ্রিক গল্প পুরুষ পরিচালকরাও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরতে পারেন। তাঁর মতে, সব পুরুষই প্রতিপক্ষ নন; বরং অনেকেই সমানাধিকারের প্রশ্নে দৃঢ় অবস্থান নেন।
পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি অকপট। অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেন পুরুষ নায়করা— নায়িকা নির্বাচন থেকে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত। কিন্তু একই সঙ্গে তিনি জানিয়েছেন, কাজের জায়গায় সম্মান পাওয়া সম্ভব। বিশেষ করে শাহরুখ খান-এর সঙ্গে ‘ডানকি’ ছবিতে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে ইতিবাচক।
তাপসীর(Taapsee Pannu) কথায়, “তিনি সহ-অভিনেত্রীদের সম্মান করতে জানেন, সেটে কখনও ছোট করে দেখেন না।”
তবে বাস্তবতা কঠিন। ‘অ্যানিম্যাল’-এর মতো পৌরুষ উদ্যাপন করা ছবি বক্স অফিসে সাফল্য পায়, কোটি টাকার ব্যবসা করে। সেখানে নারী-অধিকারভিত্তিক ছবির বাজার তৈরি করা সহজ নয়। তাপসীর(Taapsee Pannu) মতে, হাল না ছাড়াই একমাত্র পথ। দর্শকেরও দায় রয়েছে— ভাল ছবির পাশে দাঁড়ানো, কেবল সমালোচনায় সীমাবদ্ধ না থাকা।
ব্যক্তিগত জীবনেও তাঁর অবস্থান স্পষ্ট। আর্থিক স্বাধীনতাকেই তিনি নারীর প্রথম লড়াই মনে করেন। “নিজে রোজগার না করলে বিয়ে কোরো না”— এমন পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, নির্ভরশীলতা একদিন অস্ত্র হয়ে ফিরে আসতে পারে।
মা হলে সন্তানকে কী শেখাবেন? তাপসীর(Taapsee Pannu) উত্তর, “বিভাজন বোঝার আগেই সমানাধিকারের শিক্ষা।” তিনি চান, ছেলে হোক বা মেয়ে— আগে মানুষ হয়ে উঠুক, শ্রদ্ধাশীল ও উদার হোক।
কলকাতা সফরে শাড়ির প্রসঙ্গও উঠে আসে। বাংলার হ্যান্ডলুমের প্রতি তাঁর টান অকৃত্রিম। ফ্যাশনের চাকচিক্যের বদলে সহজ সরল পোশাকেই তিনি স্বচ্ছন্দ। ইন্ডাস্ট্রির নজর বা সমালোচনায় তাঁর ভ্রুক্ষেপ নেই, “যা করছি, মন থেকে করছি।”
তাপসীর (Taapsee Pannu) কথায় আক্রমণ নেই, আছে প্রশ্ন। অভিযোগ নেই, আছে সচেতনতার আবেদন। ‘নারীবাদী’ শব্দকে অপমান নয়, বোঝাপড়ার জায়গা থেকে দেখার আহ্বানই যেন রেখে গেলেন তিনি।


