Aaj India Desk, নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই বিলকে ‘গন্দা বিল’ বলে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির (BJP) তরফেও জানানো হয়েছে তীব্র প্রতিবাদ। এবার এই ইস্যুতে নিজেদের অবস্থান জানালেন তিন মহিলা নেত্রী তথা সাংসদ জুন মালিয়া (June Malia), শতাব্দী রায় (Satabdi Roy) এবং মালা রায় (Mala Roy)।
কী বলেছিলেন মমতা?
আগামী সোমবার লোকসভায় ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা ও পেশের কথা রয়েছে। তার আগেই শনিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হন তিনি। তাঁর দাবি, মহিলাদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। ২০২৪ সালেই এই সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা। পাশাপাশি বর্তমান বিলটিকে ‘গন্দা বিল’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
কী বললেন শতাব্দী রায়?
মমতার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের দৃষ্টিভঙ্গি থেকেই কথাগুলি বলেছেন। তিনি কী ভেবে এমন মন্তব্য করেছেন, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি শতাব্দী। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার বলে জানান তিনি।
এনসিপিআইয়ের স্বীকৃতি এবং আইনি অবস্থান নিয়েও প্রশ্নের মুখে পড়েন শতাব্দী। তাঁর বক্তব্য, এখনও দু’দিন সময় রয়েছে। তাই আইন মেনেই সমস্ত কাজ করা হবে, কোনও বেআইনি পথে নয়। তাঁর দাবি, এই সংক্রান্ত যাবতীয় তথ্য ও জবাব লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। বিষয়টি এখনও বিচারাধীন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বর্তমানে এনসিপিআই নেত্রী মালা রায় এই বিতর্কে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তবে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মালার মতে, কোনও বিল যদি মহিলাদের বা সাধারণ মানুষের উপকারে আসে, তাহলে তাকে সমর্থন করা উচিত। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই উদ্যোগে মহিলাদের আদৌ কতটা লাভ হচ্ছে।
মমতার মন্তব্য নিয়ে কী বললেন জুন মালিয়া?
জুন মালিয়াও মমতার ‘গন্দা বিল’ মন্তব্য নিয়ে আলাদা করে কোনও বিতর্কে যেতে চাননি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবনা অনুযায়ী মন্তব্য করেছেন। তবে জুনের মতে, সংসদে আসনসংখ্যা বাড়লে আরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি মহিলা সংরক্ষণের আওতায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য নির্দিষ্ট থাকায় তাঁদেরও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ বাড়বে বলে মনে করেন তিনি।
এদিকে ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনার প্রসঙ্গে জুন জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের আয়োজন রয়েছে। ভূপেন্দ্র যাদবের আমন্ত্রণে সেই বৈঠকে যোগ দেওয়ার কথা। পাশাপাশি পরের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজের আমন্ত্রণও রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে মমতার মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হলেও, এই ইস্যুতে তিন মহিলা সাংসদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন অবস্থান। এখন সংসদে বিল নিয়ে আলোচনা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর।


