Aaj India Desk, কলকাতা: ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল (Delimitation And Women’s Reservation Bill) ঘিরে উত্তপ্ত সংসদের রাজনীতি। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করার কথা। তবে এই দুই বিলের বিরোধিতায় সরব বিরোধী জোট (INDIA Alliance)।
বিল আটকাতে নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয় বাড়াচ্ছেন জোটের নেতারা। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) জানিয়েছিলেন, আগামী ৭২ ঘণ্টা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে, এম কে স্ট্যালিনের সঙ্গে আলোচনা করতে চেন্নাইয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সনিয়া গান্ধীরা। এর মধ্যেই লোকসভার স্পিকারকে নতুন করে চিঠি পাঠালেন অভিষেক।
চিঠিতে ঠিক কী আবেদন জানিয়েছেন তিনি?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ যেন সংসদের আসন্ন অধিবেশনে ভোট দিতে না পারেন। এই মর্মেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য, ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের প্রক্রিয়া এখনও নিষ্পত্তি হয়নি। বিষয়টি বিচারাধীন থাকায় তাঁদের ভোটদানের অধিকার নিয়েও সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে ওই সাংসদদের বসার জায়গা নিয়েও নতুন করে পর্যালোচনা করার কথা বলেছেন অভিষেক।
অন্যদিকে, বিশেষ অধিবেশনের আগে দলের সাংসদদের জন্য হুইপ জারি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত লোকসভায় দলের মুখ্য সচেতক এই নির্দেশ জারি করে থাকেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় দলের লোকসভার দলনেতা হিসেবে অভিষেকই এই দায়িত্ব পালন করেছেন। সোমবারের অধিবেশনে দলের প্রত্যেক সাংসদের উপস্থিতি নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অভিষেকের এই পদক্ষেপের পাল্টা হিসেবে কাকলি ঘোষদস্তিদারও হুইপ জারি করতে পারেন বলে খবর। সূত্রের দাবি, বিল পেশের সময় এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে। এরই মধ্যে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিটের ওই আলোচনায় এনসিপিআইকে পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে এসেছে বলে সূত্রের খবর।
পাশাপাশি রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের থাকার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, অধিবেশন শুরুর আগেই কি এনসিপিআইয়ের সাংসদদের পৃথক দলের স্বীকৃতি দেওয়া হবে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর লোকসভার স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


