29 C
Kolkata
Sunday, November 29, 2026
spot_img

বিজয় দিবসেই কি বাংলাদেশে ফিরবেন হাসিনা? তাঁর প্রত্যাবর্তন নিয়ে কী জানালেন তারেক সরকারের মন্ত্রী?

Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশের (Bangladesh) বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। আর সেই বিশেষ দিনেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তবে তাঁর ফেরার সম্ভাবনা একেবারেই নেই বলে স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশের বর্তমান সরকার।

শনিবার সকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman) জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনও সুযোগ নেই। ‘ডেইলি অবজারভার’-এর প্রতিবেদন অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত একটি প্রদর্শনীতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে জাহেদ বলেন, ডিসেম্বর মাস এগিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও বাস্তবে তাঁর ফেরার কোনও সম্ভাবনা নেই।

তাঁর দাবি, জুলাই অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হিংসার ঘটনাগুলি মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। শুধু শেখ হাসিনাকে নিয়েই নয়, তাঁর দল নিয়েও কড়া মন্তব্য করেছেন জাহেদ। তাঁর বক্তব্য, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনার পাশাপাশি তাঁর দলকেও মুছে ফেলতে হবে।

১৬ ডিসেম্বর কেন দেশে ফিরতে চান হাসিনা?

এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছিলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের বর্ষপূর্তিতে, অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি।

একটি বিবৃতিতে মোজাম্মেল আলি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় বিমান পরিষেবা ও কাগজপত্রের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে যেভাবে দেশ ছাড়তে হয়েছিল, তা সংবিধানবিরোধী। তাই বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ফিরতে চেয়েছেন শেখ হাসিনা। সেই সঙ্গে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির আবেদনও জানানো হয়েছে।

বাংলাদেশে ফিরলেই কি গ্রেফতার হবেন শেখ হাসিনা?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগেই সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেই তাঁকে গ্রেফতার করা হবে। এরপর তাঁকে জেলে পাঠিয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। তাঁকে দেশে ফেরানোর জন্য ভারতের সঙ্গে কোনও বিমান সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে আটক করা হবে এবং আইনি প্রক্রিয়া শুরু হবে।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে তাঁর মুখপাত্রের দেশে ফেরানোর দাবি, অন্যদিকে বর্তমান সরকারের সরাসরি আপত্তি। এখন দেখার, শেষ পর্যন্ত বিজয় দিবসে বাংলাদেশে ফেরেন কি না ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন