Aaj India Desk, বর্ধমান : ফের সংঘর্ষ সিপিএম ও বিজেপির মধ্যে (CPM BJP Clash)। এবার আর কলকাতা নয়, বরং বর্ধমান শহরের বাদামতলায় সিপিএমের কৃষক সভা ও বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয় ধুন্ধুমার। দুই দলের কর্মসূচি মুখোমুখি হতেই শুরু হয় বচসা। এরপরেই চেয়ার ছোড়াছুড়ি, ইট ও লাঠি নিয়ে হামলা করা হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা কৃষক সভার রাজ্য নেতা অমল হালদার।
কীভাবে শুরু হল সংঘর্ষ?
কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দেশজুড়ে কর্মসূচি নিয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা। সেই কর্মসূচির অংশ হিসেবে বর্ধমানের বাদামতলায় সভার আয়োজন করে সিপিএমের কৃষক সংগঠন। সভার জন্য পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল।
অন্যদিকে, বাদামতলা থেকে কিছুটা দূরে কার্জন গেটের কাছে সংবিধান দিবস উপলক্ষে কর্মসূচি করছিল বিজেপি। সেখান থেকেই একটি মিছিল বের হয়। মিছিলটি এগিয়ে আসতেই কৃষক সভার কর্মসূচির কাছে বাধা পায়। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। (CPM BJP Clash)
চেয়ার, ইট, লাঠি নিয়ে হামলা
সিপিএমের কৃষক সংগঠনের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তাঁদের সভামঞ্চ লক্ষ্য করে ইট, লাঠি ও চেয়ার ছোড়া হয়। সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন অমল হালদার। তাঁর দাবি, আচমকাই চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তাঁকে লক্ষ্য করে ইট ও চেয়ার ছোড়া হয়। পরে লাঠি দিয়ে তাঁর পায়েও আঘাত করা হয়। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান বর্ষীয়ান সিপিএম নেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। (CPM BJP Clash)
পালটা কী বলছে বিজেপি?
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দের দাবি, সংবিধান দিবস উপলক্ষে তাঁদের বড় সভা চলছিল। সেই কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্র করেছিল সিপিএম।
ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরের বাদামতলা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।


