পৌলমী ব্যানার্জী, নয়াদিল্লি: মার্কিন টেক জায়ান্ট Meta-কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বাজারে আসছে ভারতীয় সংস্থার তৈরি অত্যাধুনিক স্মার্ট চশমা (Smart Glasses)। আর লঞ্চের আগেই সেই ডিভাইস হাতে নিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আত্মনির্ভর ভারতের বার্তা আরও জোরালো করতেই দেশীয় প্রযুক্তির এই নতুন পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই স্মার্ট চশমায় (Smart Glasses) থাকবে ভয়েস কমান্ড, লাইভ ভিডিও রেকর্ডিং, ছবি তোলার সুবিধা, রিয়েল-টাইম নেভিগেশন এবং এআই-ভিত্তিক তথ্য পরিষেবা। অর্থাৎ, হাত না লাগিয়েই ব্যবহারকারী নানা কাজ সারতে পারবেন চোখের পলকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ডেমো চলাকালীন চশমার ফিচার, হালকা ওজন এবং দ্রুত রেসপন্সের প্রশংসা করেন। তিনি জানান, ভারত এখন প্রযুক্তির ক্ষেত্রে শুধু বাজার নয়, উদ্ভাবনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠছে।
প্রযুক্তি মহলের মতে, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থায় এই স্মার্ট চশমা (Smart Glasses) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্মার্ট সিটি প্রকল্পেও এর ব্যবহার সম্ভাবনাময়। বিশ্ববাজারে স্মার্ট গ্লাস নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। সেই দৌড়ে দেশীয় সংস্থার এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর সবার।


