25 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

‘বাংলাদেশিদের হাতে জমি তুলে দিয়েছিল CPM!’ জমি-রাজনীতি উসকে রাজবংশীদের জন্য কী আশ্বাস শুভেন্দুর?

কোচবিহার: উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফের জমি-ইস্যুতে বামেদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)! তাঁর অভিযোগ, বাম আমলে ভূমি সংস্কারের নামে মূলনিবাসী রাজবংশীদের জমি চলে গিয়েছিল বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে। আর সেই কারণেই জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছেন রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষ। কোচবিহারে রাজবংশী-কামতাপুরী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

বুধবার কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনে যাওয়ার আগে ল্যান্সডাউন হলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। জমির মালিকানা, ভাষার স্বীকৃতি, শিক্ষা, সংস্কৃতি, আর্থিক সহায়তা-সহ একাধিক বিষয় উঠে আসে আলোচনায়। জমি হারানোর অভিযোগের প্রসঙ্গে শুভেন্দুর দাবি, বাম আমলে ভূমি সংস্কার এবং বর্গাদারদের অধিকার দেওয়ার প্রক্রিয়াতেই মূলনিবাসীদের জমি হাতছাড়া হয়েছিল। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বর্তমানে সেই জমি পুনরুদ্ধার করা তাঁর পক্ষে সম্ভব নয়।

শুধু জমি নয়, রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নেও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। এ নিয়ে গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান শুভেন্দু।

ভাষা, সংস্কৃতি, শিক্ষা এবং আর্থিক নিরাপত্তা, রাজবংশী-কামতাপুরী সম্প্রদায়ের একাধিক দাবির বিষয়ে সরকার পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। স্কুলে অর্থ বরাদ্দ, হেরিটেজ কমিশনের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণ, শিল্পীদের ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের ফেরানোর মতো বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

তবে জমি ফেরানোর দাবি এবং ভাষার সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি, দুই ক্ষেত্রেই এখন নজর বাস্তবায়নের দিকে। মুখ্যমন্ত্রীর আশ্বাস কতটা কার্যকর হয়, আর জমি হারানোর অভিযোগের নিষ্পত্তিই বা কীভাবে হয়, সেদিকেই তাকিয়ে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন