নয়াদিল্লি: রণবীর এলাহাবাদিয়ার বিতর্কের পর ফের স্ট্যান্ড-আপ কমেডির মঞ্চে অশ্লীল রসিকতা ঘিরে বিতর্ক! এবার নিশানায় বিহারের ছটপুজো (Chhath Puja) এবং মহিলাদের সিঁদুর পরার রীতি। কৌতুকশিল্পী যশ মাহেশ্বরীর একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সিঁদুরের দৈর্ঘ্যের সঙ্গে পুরুষের যৌনাঙ্গের তুলনা! বাদ যাননি বিহারের মহিলারাও। ঘটনায় ক্ষুব্ধ বিজেপি থেকে কংগ্রেস, দুই শিবিরই। এমনকী বিহারের প্রতিটি জেলায় FIR দায়েরের দাবিও উঠেছে।
ঠিক কী বলেছিলেন যশ?
নিজের ইউটিউব চ্যানেলে গত ২১ নভেম্বর ‘Morally Questionable’ শিরোনামে একটি স্ট্যান্ড-আপ কমেডির ভিডিও আপলোড করেন যশ। সেখানেই বিহারের বিবাহিত মহিলাদের ছটপুজোর (Chhath Puja) সময় নাক থেকে সিঁথি পর্যন্ত লম্বা করে সিঁদুর পরার রীতি নিয়ে কুরুচিকর রসিকতা করেন তিনি। সিঁদুরের দৈর্ঘ্যের সঙ্গে স্বামীর যৌনাঙ্গের তুলনা টেনে মন্তব্য করেন। এখানেই শেষ নয়, বিহারের মহিলাদের নিয়ে আরও কিছু আপত্তিকর মন্তব্য করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, কমেডির নামে ছটপুজোর (Chhath Puja) ধর্মীয় বিশ্বাস, বিহারের সংস্কৃতি এবং মহিলাদের সম্মানকে আঘাত করেছেন যশ।
বিহারের প্রতিটি জেলায় FIR-এর দাবি!
বিতর্কে সরব হয়েছেন বিজেপি নেত্রী তথা সমাজকর্মী ঋতু জয়সওয়াল। তাঁর দাবি, ছটপুজো (Chhath Puja) এবং ছটব্রত পালনকারী মহিলাদের নিয়ে এমন অশ্লীল রসিকতা বরদাস্ত করা যায় না। যশের বিরুদ্ধে বিহারের ৩৮টি জেলাতেই FIR দায়েরের দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক মনু সিংভিও আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী অমিতা সচদেব যশকে আইনি নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন বলে জানা গিয়েছে।
ক্ষমা চেয়েও রেহাই নেই!
বিতর্কের আঁচ বাড়তেই মঙ্গলবার রাতে একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চান যশ। তাঁর বক্তব্য, কাউকে বা কোনও ধর্মীয় উৎসবকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তবে মন্তব্য যেভাবে সামনে এসেছে, তার দায় স্বীকার করে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ভবিষ্যতে এমন কনটেন্ট প্রকাশ না করার আশ্বাসও দিয়েছেন।
কিন্তু ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক থামেনি। অভিযোগ, ক্ষমাপ্রার্থনার ভিডিওতে ছটপুজো (Chhath Puja), সিঁদুর বা বিহারের মহিলাদের প্রসঙ্গ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি। এদিকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষ্ক্রিয়।
কিন্তু কমেডির নামে কি সব ধরনের মন্তব্য করা যায়? নাকি হাস্যরসেরও থাকা উচিত একটা সীমারেখা? যশ মাহেশ্বরীকে ঘিরে বিতর্কে ফের সামনে এল সেই পুরনো প্রশ্ন।


