Aaj India Desk, ঝাড়গ্রাম: শিশুদের খেলার মাঠ (Play Ground) দখল করে তৈরি হয়েছিল দোতলা পাকা বাড়ি। দীর্ঘদিন ধরে এই অভিযোগ ঘিরে ক্ষোভ জমছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবশেষে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে সেই বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের বিনপুর-১ ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের খোসাগুড়ি এলাকায়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য সকাল থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা ও স্কুল সূত্রে জানা গিয়েছে, খোসাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের নামে সরকারি নথিতে প্রায় ১.৯ একর জমি রয়েছে। অভিযোগ, সেই জমির প্রায় ১ একর দখল করে রেখেছিলেন এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য দীনেশ বেজ। শুধু জমি দখল নয়, সেখানে তৈরি করা হয়েছিল একটি বড় দোতলা পাকা বাড়িও।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়েই স্কুলের জমিতে এই নির্মাণ করা হয়েছিল। এর ফলে স্কুলের পড়ুয়ারা নিজেদের খেলার মাঠ ব্যবহার করতে পারছিল না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে এই নিয়ে মামলা গড়ায় আদালতে। শুনানির পর কলকাতা হাইকোর্ট ওই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই এদিন সকালে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। গোটা অভিযানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ।
অন্যদিকে, স্কুলের মাঠ ফিরে পাওয়ার আশায় খুশি স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাঁদের আশা, এবার থেকে পড়ুয়ারা আবার স্কুলের নিজস্ব মাঠে খেলাধুলা করতে পারবে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে আপত্তি তুলেছে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবার। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ করা হচ্ছে। পরিবারের এক সদস্যের বক্তব্য, স্কুলের জমির পরিবর্তে অন্য জায়গায় সমপরিমাণ জমি দেওয়ার প্রস্তাব তাঁরা দিয়েছিলেন। কিন্তু আদালত সেই আবেদন গ্রহণ করেনি।পরিবারের আরও অভিযোগ, থাকার বিকল্প কোনও ব্যবস্থা না করেই তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। ফলে তাঁরা সমস্যায় পড়েছেন।
সব মিলিয়ে, এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে দুই ধরনের প্রতিক্রিয়া। একদিকে স্কুলের মাঠ ফিরে পাওয়ার আশায় খুশি স্থানীয়রা, অন্যদিকে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করছে অভিযুক্তের পরিবার। আদালতের নির্দেশে শুরু হওয়া এই অভিযান ঘিরে এখন সরগরম খোসাগুড়ি।


