লখনউ: একটার পর একটা বিতর্ক! কখনও ভগবান রাম ও কৃষ্ণকে নিয়ে মন্তব্য, কখনও বাংলার দুর্গাপুজোয় মাছ-মাংস খাওয়া নিয়ে আপত্তি, আবার কখনও সেই মন্তব্যের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ। এবার সরাসরি আক্রমণের মুখে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা (Bageshwar Baba)। আর আক্রমণকারীও যে সে কেউ নন, স্বয়ং যোগগুরু বাবা রামদেব! প্রকাশ্য মঞ্চ থেকে ‘পাখণ্ডী’, ‘ধূর্ত’-র মতো শব্দে বাগেশ্বর বাবাকে নিশানা করেছেন তিনি। এমনকী ভূত-প্রেতের দরবার বসিয়ে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর অভিযোগেও সরব হয়েছেন।
সব মিলিয়ে প্রশ্ন উঠছে, জনপ্রিয়তার শিখরে থাকা বাগেশ্বর বাবার (Bageshwar Baba) কি এবার সত্যিই অস্বস্তি বাড়ছে? একের পর এক বিতর্ক কি তাঁর ধর্মীয় প্রচারের ধরন নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে?
১. রামদেবের আক্রমণ: ‘নিজেকে বাঁচা, তার পর হিন্দুধর্ম বাঁচাস!’
বিতর্কের সাম্প্রতিকতম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঝাড়খণ্ডের জামশেদপুরে। ২২ নভেম্বর মহিলা পতঞ্জলি যোগ সমিতির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রীকে (Bageshwar Baba) নিশানা করেন বাবা রামদেব। প্রথমে নাম না করলেও পরে তাঁর বক্তব্যে আক্রমণের লক্ষ্য স্পষ্ট হয়ে যায়।
রামদেবের বক্তব্য, কিছু মানুষ বেদ, উপনিষদ, দর্শন, কোরান, রামায়ণ, মহাভারত কিছুই পড়েননি। সংবিধান বা গণতন্ত্র সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই। অথচ তাঁরাই আবার হিন্দুধর্ম বাঁচানোর বড় বড় কথা বলেন। এরপরই তীব্র কটাক্ষ, নিজেকে বাঁচাতে পারেন না, আবার হিন্দুধর্ম বাঁচাবেন!
এখানেই থামেননি যোগগুরু। রাম-কৃষ্ণের তুলনা টেনে তিনি বলেন, যাঁরা দেবদেবীদের নিয়ে এমন মন্তব্য করেন, তাঁদের সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। সব কিছুরই একটা মর্যাদা, শৃঙ্খলা ও প্রোটোকল রয়েছে।
আরও তাৎপর্যপূর্ণ, ভূত-প্রেত তাড়ানোর নামে দরবার বসানো এবং ধর্মীয় উন্মাদনা তৈরির বিরুদ্ধেও সরব হন তিনি। বিশেষ করে মহিলাদের এমন কর্মকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা তুলে ধরেন রামদেব।
২. রাম-কৃষ্ণ বিতর্ক: কী বলেছিলেন বাগেশ্বর বাবা?
বাগেশ্বর বাবাকে (Bageshwar Baba) ঘিরে সাম্প্রতিক বিতর্কের অন্যতম বড় সূত্র এই মন্তব্য। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরায় রামকথার আসরে ভগবান রাম ও কৃষ্ণের রূপ, ভঙ্গি এবং বৈশিষ্ট্য নিয়ে তুলনা করেন ধীরেন্দ্র শাস্ত্রী।
তাঁর বক্তব্যে উঠে আসে, রাম সোজা হয়ে দাঁড়ান, সোজা পথে চলেন। অন্যদিকে কৃষ্ণের ত্রিভঙ্গ মুদ্রার প্রসঙ্গ তুলে তাঁকে বাঁকা বলে বর্ণনা করেন। কৃষ্ণের বাঁশি বাজানো নিয়েও এমন মন্তব্য করেন, যা কৃষ্ণভক্তদের একাংশের কাছে অসম্মানজনক বলে মনে হয়।
ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভের আগুন। মথুরা-বৃন্দাবনের ধর্মীয় মহলের একাংশও আপত্তি জানায়। প্রশ্ন ওঠে, দুই আরাধ্য দেবতার মধ্যে এভাবে তুলনা টানা যায় কি?
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ক্ষমা চান ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর দাবি, ভক্তিমূলক একটি পদ ব্যাখ্যা করতে গিয়ে কথাগুলি বলেছিলেন। রাম ও কৃষ্ণের মধ্যে বিভেদ তৈরি করা তাঁর উদ্দেশ্য ছিল না।
৩. শুধু বিতর্ক নয়, আদালতেও পৌঁছল রাম-কৃষ্ণ প্রসঙ্গ!
বাগেশ্বর বাবার (Bageshwar Baba) ক্ষমাপ্রার্থনা সত্ত্বেও বিতর্ক থামেনি। বরং বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আগ্রার একটি আদালতে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, কৃষ্ণকে নিয়ে তাঁর মন্তব্যে যাদব, জাদেজা ও ভাটি ক্ষত্রিয় বংশের ভাবাবেগে আঘাত লেগেছে।
মামলাটি আদালতে নথিভুক্ত হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ ডিসেম্বর। অর্থাৎ, ক্ষমা চেয়েও আপাতত আইনি বিতর্ক থেকে রেহাই মিলছে না বাগেশ্বর বাবার।
৪. বাংলার দুর্গাপুজো ও মাছ-মাংস: বাঙালির সংস্কৃতিতে হস্তক্ষেপের অভিযোগ!
এবার আসা যাক বাংলার বিতর্কে। সেপ্টেম্বর মাসে কলকাতায় এসে দুর্গাপুজোর সময় মাছ-মাংস খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী (Bageshwar Baba)। তাঁর বক্তব্য ছিল, দুর্গাপুজোর সময় মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি বা খাওয়া উচিত নয়। এমনকী আমিষ খাবারকে ‘নোংরা’ বলেও উল্লেখ করেন তিনি।
এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বাঙালিদের একাংশ। প্রশ্ন ওঠে, বাঙালির দুর্গাপুজো, খাদ্যাভ্যাস ও নিজস্ব সংস্কৃতি নিয়ে বাইরে থেকে এসে কেউ বিধান দেবেন কেন?
প্রতিবাদে সরব হয় তৃণমূল ও কংগ্রেস। বিজেপির মধ্যেও এই মন্তব্য নিয়ে আপত্তি ওঠে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, অষ্টমীতে লুচি আর নবমীতে মাংস খাওয়া বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি। তা অন্য কেউ ঠিক করে দিতে পারেন না।
বিতর্কের আঁচ পৌঁছয় রাজনৈতিক মহলেও। বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেপ্তার করার ঘটনাও নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাগেশ্বর বাবার বক্তব্যকে মতামত হিসেবে দেখার কথা বলেন এবং প্রতিবাদের নামে ছবি পোড়ানোর বিরোধিতা করেন।
৫. বাগেশ্বর ধামের অনুষ্ঠানেও চুরির অভিযোগ!
হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর বাবার ধর্মীয় অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। সেখানে উপস্থিত এক মহিলা সোনার হার চুরির অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ধর্মীয় সমাবেশে যোগ দিতে এসে হারটি খোয়া গিয়েছে। এই ঘটনায় বেলুড় থানায় অভিযোগ দায়ের হয়। যদিও এই চুরির ঘটনায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি, তবু আগে থেকেই বিতর্কে থাকা অনুষ্ঠানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
৬. বিতর্কের জেরে বাগেশ্বর ধামেও উত্তেজনা!
রাম-কৃষ্ণ মন্তব্যের প্রতিবাদ শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ থাকেনি। ১৪ নভেম্বর মধ্যপ্রদেশের ছতরপুরে বাগেশ্বর ধামকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যাদব মহাসভার সদস্যরা প্রতিবাদ মিছিল নিয়ে এগোতে চাইলে বাগেশ্বর বাবার সমর্থকদের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
বাগেশ্বর ধামের সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘক্ষণ আটকে পড়ে শতাধিক যানবাহন। দুই পক্ষের মধ্যে পালটা অভিযোগ, স্লোগান এবং উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এবার কী করবেন বাগেশ্বর বাবা?
সব বিতর্কের দিকে একসঙ্গে তাকালে ছবিটা বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে রামদেবের প্রকাশ্য সমালোচনা, অন্যদিকে রাম-কৃষ্ণ মন্তব্যের জেরে আদালতে অভিযোগ, বাংলার খাদ্যসংস্কৃতি নিয়ে বিতর্ক এবং মধ্যপ্রদেশে সমর্থক-বিরোধীদের সংঘাত।
তবে প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। বাগেশ্বর বাবা রাম-কৃষ্ণ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। অন্যদিকে তাঁর অনুগামীদের কাছে তাঁর জনপ্রিয়তাও অটুট। ফলে তাঁকে ঘিরে বিতর্ক মানেই তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর অবকাশ নেই।
কিন্তু বাবা রামদেবের মতো পরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব যখন প্রকাশ্যে তাঁর বক্তব্যের সমালোচনা করেন, তখন সেই বিতর্ক যে নতুন মাত্রা পায়, তা বলাই বাহুল্য।
এখন দেখার, রামদেবের এই আক্রমণের জবাব কীভাবে দেন ধীরেন্দ্র শাস্ত্রী (Bageshwar Baba)! নিজের বক্তব্যের ধরনে কি বদল আনবেন তিনি? নাকি আগের মতোই চলবে তাঁর ধর্মীয় প্রচার? একের পর এক বিতর্কের আবহে আপাতত সেই দিকেই নজর।


