24 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

ফ্ল্যাট কিনেছেন মানেই গাড়ি রাখার জায়গাও আপনার? স্পষ্ট বার্তা দিল হাইকোর্ট

Aaj India Desk, কলকাতা: ফ্ল্যাট (Flat) কিনলেই সেই বাড়ির সঙ্গে গাড়ি রাখার জায়গার (Parking space) মালিকানা পাওয়া যায় না। ফ্ল্যাটের রেজিস্ট্রি করা দলিলে যদি পার্কিংয়ের জায়গার কথা স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে শুধু ফ্ল্যাটের মালিক হওয়ার কারণে পার্কিংয়ের জায়গার উপর দাবি জানানো যাবে না। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এক ফ্ল্যাট মালিকের করা মামলা খারিজ করে বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট পার্কিংয়ের জায়গাটি যে ফ্ল্যাটেরই অংশ ছিল, তার কোনও প্রমাণ আদালতে দিতে পারেননি আবেদনকারী।

মামলাকারী শ্রাবণ কুমার আগরওয়াল গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সের ৩এ নম্বর ফ্ল্যাটটি জয়ন্ত কুমার বসু ও অনিতা বসুর কাছ থেকে কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ রেজিস্ট্রি করা দলিলের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা তাঁর হাতে আসে। তবে ফ্ল্যাট বিক্রির দিনই আগের মালিকরা তাঁকে একটি আলাদা চিঠি দিয়ে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে পার্কিংয়ের জায়গা বরাদ্দ হলে সেটিও তাঁকে দিয়ে দেওয়া হবে।

জানা গিয়েছে, এর আগেই ১৯৯২ সালের নভেম্বর মাসে বসু দম্পতি পার্কিংয়ের জায়গার জন্য হাউজিং বোর্ডের কাছে আবেদন করেছিলেন। সেই সময় ৭ হাজার টাকা জমাও দেওয়া হয়েছিল। প্রথমে বোর্ড তাঁদের ‘বিজি-৩’ নম্বর পার্কিংয়ের জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর ‘বিজি-৯’ নম্বর পার্কিং স্পেস জয়ন্ত কুমার বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর হাউজিং বোর্ড একটি নির্দেশ জারি করে ওই বরাদ্দ বাতিল করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা করেন বর্তমান ফ্ল্যাট মালিক শ্রাবণ কুমার আগরওয়াল।

আদালতে আবেদনকারীর আইনজীবী সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৮ নম্বর ধারার কথা তুলে ধরেন। তাঁর যুক্তি ছিল, ফ্ল্যাট বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আগের মালিকের সঙ্গে যুক্ত পার্কিংয়ের অধিকারও নতুন মালিকের কাছে চলে আসার কথা। এমনকী পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় টাকা, স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি দিতেও আবেদনকারী প্রস্তুত ছিলেন। অন্যদিকে হাউজিং বোর্ডের আইনজীবী জানান, ১৯৯৩ সালে ফ্ল্যাট কেনাবেচার যে রেজিস্ট্রি করা দলিল তৈরি হয়েছিল, সেখানে পার্কিংয়ের জায়গা সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। তাই শুধুমাত্র ফ্ল্যাট কেনার ভিত্তিতে আলাদা করে পার্কিংয়ের জায়গার দাবি করতে পারেন না আবেদনকারী।

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পার্থসারথি সেন জানান, ফ্ল্যাট কেনার মূল দলিলের সিডিউল বা বিবরণে কোনও পার্কিং স্পেসের উল্লেখ নেই। ফলে সেটি ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল, এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি। আদালতের পর্যবেক্ষণ, হাউজিং বোর্ড আগে পার্কিংয়ের জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত সেই জায়গার মালিকানা হস্তান্তরের কোনও প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই বরাদ্দ বাতিল হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ হতে পারেন আগের মালিকরা। বর্তমান ফ্ল্যাট মালিকের সেই অধিকার দাবি করার সুযোগ নেই।

সব দিক বিবেচনা করে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগের মালিকরাই যখন পার্কিংয়ের জায়গার মালিকানা পাননি, তখন নতুন মালিকের কাছেও সেই অধিকার স্বয়ংক্রিয়ভাবে চলে আসতে পারে না। সেই সঙ্গে ফ্ল্যাট মালিকের দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন