Aaj lndia Desk, নয়াদিল্লি: আধার কার্ডকে পরিচয় যাচাইয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হলেও বয়স কিংবা জন্মতারিখ নির্ধারণের ক্ষেত্রে সেটিকেই শেষ কথা বলে গণ্য করা যাবে না। এক কর্মীর চাকরি থেকে অবসর নেওয়ার বয়স নিয়ে দায়ের হওয়া মামলায় এই তাৎপর্যপূর্ণ অবস্থান জানাল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, আধার পরিচয়ের নথি, কিন্তু জন্মতারিখের অকাট্য প্রমাণ নয়।
পুরনো সরকারি নথিতেই মিলল গুরুত্বপূর্ণ তথ্য
সারোজ বনাম ইফকো-টোকিও জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির (Saroj vs IFFCO-Tokio General Insurance Company) মামলাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। মামলাকারী মহিলার বক্তব্য, ১৯৮১ সালের ডিসেম্বর থেকে তিনি সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর মাসিক বেতন ছিল ১০,৫০০ টাকা। সংশোধিত ন্যূনতম মজুরি চাওয়ার পর ২০১৭ সালের ২০ মে তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়।
সংস্থার দাবি ছিল, আধার কার্ড অনুযায়ী মহিলার জন্ম ২০ মে, ১৯৫৯। সেই হিসাবে ২০১৭ সালের ২০ মে তাঁর বয়স ৫৮ বছর পূর্ণ হওয়ায় অবসর কার্যকর করা হয়েছিল। ছানি অস্ত্রোপচারের পর তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়েছিলেন বলেও দাবি করে কর্তৃপক্ষ।
আধারের তথ্যকে কেন মান্যতা দিল না আদালত?
বিষয়টি শ্রম আদালতে পৌঁছলে সামনে আসে অন্য তথ্য। ২০১০ সালে কর্মীর নাম নথিভুক্ত করার সময় সংস্থার তরফেই এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC)-কে তাঁর জন্মতারিখ ২০ মে, ১৯৬০ জানানো হয়েছিল। এই নথির ভিত্তিতে শ্রম আদালত বরখাস্তের সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করে।
পাশাপাশি ২০১৭ সালের ২০ মে থেকে ২০১৮ সালের ২০ মে পর্যন্ত এক বছরের বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংস্থার যুক্তিতে সায় দিল না হাইকোর্ট
শ্রম আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংস্থা। কিন্তু বিচারপতি মনোজ কুমার ওহরি জানান, অবসরের বয়স সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করার দায়িত্ব নিয়োগকর্তারই ছিল। শুধু আধার কার্ড দেখিয়ে সেই দায় এড়ানো সম্ভব নয়। পুরনো ইএসআইসি নথি তৈরি হয়েছিল কর্মীর বয়স নিয়ে কোনও বিরোধ শুরু হওয়ার অনেক আগেই। সেই কারণেই নথিটির বিশ্বাসযোগ্যতা বেশি বলে মনে করেছে আদালত।
ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট (Industrial Disputes Act)-এর শ্রমিককল্যাণমূলক উদ্দেশ্যের কথাও উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখেই দিল্লি হাইকোর্ট জানায়, আধারকে জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যায় না। ফলে শ্রম আদালতের নির্দেশে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলেই জানিয়ে দেওয়া হয়।


