25 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

বাবা-মায়ের প্রেমের গল্প বলতেই বিতর্ক! বিজেপির কটাক্ষের পর পাল্টা চাল রাহুলের, কী বললেন?

Aaj India Desk, নয়াদিল্লি: মা সনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্মৃতিকথা ‘দ্য বিলঙ্গিং’ প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে ছোটবেলার একটি মজার স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর দাম্পত্য জীবনের কথা বলতে গিয়ে তিনি জানান, ছোটবেলায় প্রায় প্রতিদিন খাবার টেবিলে একটি দৃশ্য দেখতেন। বাবা চেয়ারে বসে রয়েছেন, আর তাঁর কোলে বসে রয়েছেন মা। রাহুলের কথায়, ছোটবেলায় তিনি ভাবতেন, বাবা-মায়ের মধ্যে এমন ভালোবাসার সম্পর্কই বোধহয় স্বাভাবিক। কিন্তু বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে যখন দেখতেন, সেখানে বাবা-মা এভাবে একে অপরের সঙ্গে বসেন না, তখন অবাক হতেন। এমনকী বন্ধুদের জিজ্ঞাসাও করতেন, তাদের বাড়িতে এমনটা হয় না কেন?

রাহুলের এই মন্তব্য সামনে আসতেই তাঁকে নিয়ে কটাক্ষ শুরু করেন বিজেপি নেতারা। বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে রাহুলকে নিশানা করেন। সনিয়ার উদ্দেশে ‘দুঃখিত, ম্যাডাম’ লিখে তিনি কটাক্ষ করেন। তাঁর দাবি, এমন বিশেষ দিনেও রাহুল মাকে অস্বস্তিতে ফেলেছেন। পাশাপাশি রাহুলকে নতুন করে রাজনৈতিকভাবে তুলে ধরার চেষ্টা নিয়েও বিদ্রূপ করেন তিনি।

বিজেপির কটাক্ষের পাল্টা কী বললেন রাহুল?

বিজেপির এই সমালোচনার পর মঙ্গলবার সমাজমাধ্যমে নতুন পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে তিনি বিজেপি এবং আরএসএস সমর্থকদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। শিব-পার্বতীর একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি পোস্ট করে রাহুল লেখেন, ভয়, রাগ এবং ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে তাঁরা ভালোবাসা অনুভব করতে বা প্রকাশ করতে পারছেন না।

রাহুলের আরও বক্তব্য, একজন প্রকৃত হিন্দু হিসেবে এই মানসিকতা থেকে তাঁদের মুক্ত করার দায়িত্ব তাঁর। যাতে তাঁরাও জীবনে ভালোবাসা, কাছের মানুষের সঙ্গে সম্পর্ক এবং তার আনন্দ অনুভব করতে পারেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘সত্যম শিবম সুন্দরম’।

সনিয়ার স্মৃতিকথা প্রকাশের মঞ্চে কী বলেছিলেন রাহুল?

সোমবার সন্ধ্যায় দিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেন রাহুল। তিনি জানান, ছোটবেলা থেকেই বাবা রাজীব গান্ধী ও মা সনিয়া গান্ধীর মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক দেখে বড় হয়েছেন।

রাহুলের কথায়, তাঁর মা ছিলেন বাবার, আর বাবা ছিলেন মায়ের। এই বই যেন তাঁদের সম্পর্কের সেই গল্পকেই সম্পূর্ণ করেছে। মায়ের উদ্দেশে রাহুল আরও বলেন, রাজীব গান্ধী সনিয়া গান্ধীকে ভীষণ ভালোবাসতেন। আজ তিনি বেঁচে থাকলে সনিয়াকে নিয়ে কতটা গর্বিত হতেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

বাবা-মায়ের ব্যক্তিগত জীবনের একটি মিষ্টি স্মৃতি থেকেই শুরু হয়েছিল বিতর্ক। আর সেই বিতর্কের জবাবে রাহুলের নতুন পোস্ট ঘিরে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন