Aaj India Desk, কলকাতা: চলতি বছরে রাজনীতির ময়দানে যেন নতুন চর্চার নাম ‘কার্তিক ফেলা’! কখনও কোনও নেতার বাড়ির সামনে একাধিক কার্তিক প্রতিমা, আবার কখনও বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বাড়ির দরজায় হাজির কার্তিক ঠাকুর। এবার সেই তালিকায় নতুন সংযোজন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়ি। রাতের অন্ধকারে তাঁর বাড়ির গেটের সামনে রেখে যাওয়া হল কার্তিকের মূর্তি (Kartik)। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
সোমবার গভীর রাতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ির লোহার গেটের সামনে কে বা কারা একটি কার্তিক প্রতিমা রেখে যায়। মঙ্গলবার সেই প্রতিমা ও বাড়ির গেটের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা ঋজু দত্ত। ছবির সঙ্গে মজার ছলে তিনি জানতে চান, কুণাল ঘোষের বাড়ির সামনে কারা কার্তিক ঠাকুর রেখে গেল!
ঘটনা নিয়ে কী বললেন কুণাল?
এই ঘটনা নিয়ে অবশ্য বিশেষ বিরক্ত নন কুণাল ঘোষ। বরং গোটা বিষয়টিকে তিনি মজার ঘটনা হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাড়ির সদস্য থেকে শুরু করে আশপাশের প্রতিবেশী, কেউই কার্তিক প্রতিমা রাখার বিষয়টি দেখেননি। তবে এর পরেই রাজ্যের বর্তমান সরকারকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, নতুন সরকার যে ধরনের কাজ করছে, তা তাঁর কাছে অত্যন্ত অস্বাভাবিক ও অকল্পনীয়।
পাশাপাশি নাম না করেই এক ব্যক্তিকে নিশানা করেন কুণাল। তাঁর দাবি, তিনি নিজেও কারও কারও রাজনৈতিক লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। তবে তাঁকে নিয়ে ব্যস্ত না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই রাজনৈতিক লড়াই চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি। এরপর ওই ব্যক্তির পদবি এবং তাঁর জন্মপরিচয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন কুণাল। এমনকি ভবিষ্যতে জন্মবৃত্তান্ত নিয়ে রসিকতার পরিস্থিতি তৈরি হলে কার্তিক ঠাকুরের নামে এফিডেভিট দেখানোর কথাও বলেন তিনি।
কৌস্তভ বাগচির বাড়িতে একসঙ্গে চার কার্তিক!
কার্তিক ফেলা নিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। কার্তিক পুজোর আগের রাতে ব্যারাকপুরের বিধায়কের বাড়িতে একসঙ্গে চারটি কার্তিক প্রতিমা পৌঁছে যায়। শুধু প্রতিমাই নয়, তার সঙ্গে দেওয়া হয় নিরামিষ খাবারের একটি তালিকাও। আর এই ঘটনায় কৌস্তভ বাগচি ও তাঁর স্ত্রী প্রীতি বাগচির পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচিতে বদল আনতে হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে বিয়ে করেন কৌস্তভ ও প্রীতি। বিয়ের পর থেকেই তাঁদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান নিয়ে কৌতূহল ছিল। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করল বাড়িতে চারটি কার্তিক প্রতিমা পৌঁছে যাওয়ার ঘটনা।
বাগদানের খবর প্রকাশ্যে আসতেই দেবাংশুর বাড়িতেও কার্তিক!
এই কার্তিক-কাণ্ড থেকে বাদ যাননি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও। সম্প্রতি নিজের বাগদানের খবর সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন তিনি। আগামী দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁর। কিন্তু তার আগেই বাড়ির দরজায় হাজির কার্তিক ঠাকুর! সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজায় কার্তিক প্রতিমা দেখতে পান দেবাংশু। শুধু প্রতিমা নয়, সঙ্গে ছিল একটি চিঠিও। সেখানে লেখা ছিল, ‘প্রিয় বাবা দেবাংশু ভট্টাচার্য’। ঘটনায় প্রথমে অবাক হয়ে যান তিনি। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ বাইকে করে হেলমেট পরা দুই ব্যক্তি এসে প্রতিমাটি রেখে যান। তবে তাঁদের কাউকেই চিনতে পারেননি দেবাংশু। গোটা ঘটনার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের আগে এভাবে কার্তিক রেখে যাওয়ার বিষয়টি নিয়েও মজার ছলে প্রশ্ন তুলেছেন তিনি।
সব মিলিয়ে চলতি বছরে রাজনীতির অন্দরে কার্তিক ফেলা যেন আলাদা চর্চার বিষয় হয়ে উঠেছে। একের পর এক নেতা-নেত্রীর বাড়ির সামনে কার্তিক প্রতিমা পৌঁছে যাওয়ায় রাজনৈতিক মহল থেকে সোশাল মিডিয়া, সর্বত্রই চলছে হাসি-মশকরা।


