25 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

জ্ঞানেশকে এবার সরাসরি ‘প্রশ্নবাণ’! সুপ্রিম কোর্টে CEC-কে কাঠগড়ায় তুলতে চায় ইন্ডি জোট!

নয়াদিল্লি: উৎসবের মরশুমে রাজনৈতিক আন্দোলনের উত্তাপ কিছুটা কমেছিল। কিন্তু ভোটচুরির অভিযোগে যে বিরোধী জোট এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তা ফের স্পষ্ট হয়ে গেল সুপ্রিম কোর্টে। এবার শুধু হলফনামা বা লিখিত জবাবে সন্তুষ্ট নয় INDIA জোট। সরাসরি আদালতে দাঁড় করিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) প্রশ্ন করতে চায় বিরোধীরা! আর তার জন্য তৈরি ৪৮টি প্রশ্নের দীর্ঘ তালিকা। SIR নিয়ে এবার কি তবে নির্বাচন কমিশনের সঙ্গে মুখোমুখি সংঘাতের নতুন পর্ব?

সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে INDIA জোটের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নির্বাচন কমিশন পালটা দাবি করছে। কিন্তু সেই দাবির সমর্থনে যথেষ্ট তথ্য বা নথি আদালতের সামনে তুলে ধরা হচ্ছে না। বিরোধীদের বক্তব্য, SIR প্রক্রিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যের তথ্য একমাত্র নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। তাই কমিশনের শীর্ষ কর্তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সেই লক্ষ্যেই ৪৮টি প্রশ্ন জমা দিয়েছেন বিরোধী জোটের আইনজীবীরা। শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) নন, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইতুরুর কাছ থেকেও জবাব চাইছে INDIA।

কী জানতে চাইছে বিরোধীরা? SIR নিয়ে কমিশন ঠিক কবে, কীভাবে নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিল? কার অনুমোদনে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছিল? ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ECINET প্রযুক্তি কীভাবে তৈরি, পরিবর্তন ও পরিচালনা করা হয়েছে? নাম বাদ দেওয়ার নিয়ম থেকে শুরু করে ফর্ম ৬ ব্যবহারের মতো একাধিক বিষয়ও রয়েছে প্রশ্নের তালিকায়।

উল্লেখ্য, SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের বৃহত্তর আইনি লড়াইয়েরই অংশ এই আবেদন। এর আগে ২৭ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ কমিশনকে দশ দিনের মধ্যে হলফনামা জমা দিতে বলেছিল। সেই হলফনামায় কমিশনের দাবি, SIR সংক্রান্ত তিনটি প্রধান সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

এবার মঙ্গলবার এই মামলার শুনানি। ফলে ৪৮ প্রশ্নের জবাবে কমিশন কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ভোটার তালিকার সংশোধন নিয়ে শুরু হওয়া লড়াই কি এবার সরাসরি নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের জবাবদিহির প্রশ্নে পৌঁছবে? আপাতত সেই দিকেই তাকিয়ে INDIA শিবির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন