SPECIAL FEATURE
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠস্বর কতটা স্বাধীন?
আজ জাতীয় প্রেস দিবস (National Press Day)। চারদিকে চলছে সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে বক্তৃতা, দেওয়া হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতার উপদেশ। স্বাধীনতার উদযাপন চলছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট কার্ড বলছে, স্বাধীন সাংবাদিকতার পরীক্ষায় ভারতের ফল ক্রমশ তলানির দিকে। আন্তর্জাতিক সূচকে ১৮০টি দেশের মধ্যে প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়ে প্রেস স্বাধীনতায় ভারতের স্থান ১৫৭। গত বছর ছিল ১৫১। অর্থাৎ এক বছরে সাংবাদিক স্বাধীনতায় আরও ছ’ধাপ পিছিয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
গত কয়েক বছরে উঠে এসেছে ভারতের সাংবাদিকদের উপর বাড়তে থাকা হিংসা ও চাপ, সংবাদমাধ্যমের মালিকানার ক্রমবর্ধমান কেন্দ্রীকরণ এবং সংবাদমাধ্যমের রাজনৈতিক মেরুকরণের ভয়ংকর ছবি। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইন, ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ ও মানহানি সংক্রান্ত আইনের ব্যবহার এবং সাম্প্রতিক আইনি ও ডিজিটাল বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে RSF বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
গত এক দশকে ভারতে কাজের সূত্রে অন্তত ২৮ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। গৌরী লঙ্কেশ, রাজদেও রঞ্জন থেকে শশীকান্ত ওয়ারিশের পরিণতি আজও ভারতের সাংবাদিকতার নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করে। বিশেষত বেআইনি বালি খাদান, দুর্নীতি, জমি দখল ও স্থানীয় অপরাধচক্র নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা ভারতে যে কতটা বিপজ্জনক হতে পারে, তার নজির উঠে এসেছে বারবার।
এর মাঝেই এদেশে প্রতিবছর, ১৬ নভেম্বর, ঘটা করে জাতীয় প্রেস দিবস (National Press Day) পালিত হয়। এই বছরের থিম “জনপ্রিয়তার সাংবাদিকতা, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা?” কিন্তু এই থিম আর আন্তর্জাতিক সূচকে দেখে মনে প্রশ্ন জাগে, দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকেরই নিরাপত্তা যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে শুধু নীতিকথায় কী লাভ? যে দেশে সত্য তুলে ধরার মূল্য কখনও হুমকি, কখনও মামলা, আবার কখনও নিজের প্রাণ দিয়ে চোকাতে হয়, সেখানে প্রেস দিবসের উদযাপনও যেন এক নির্মম পরিহাস। সাংবাদিকতার কাজ ক্ষমতার সুরে সুর মেলানো নয়, বরং ক্ষমতাকে প্রশ্ন করা, তাদের নিজেদের কর্তব্য ও দায়িত্ববদ্ধতা মনে করিয়ে দেওয়া। অথচ এই দেশে তার বিপরীতটাই যেন রীতি হয়ে উঠেছে। যে দেশে খবরের চেয়ে খবর প্রকাশের পরিণতি নিয়ে বেশি ভাবতে হয়, সেখানে স্বাধীন সাংবাদিকতা নিছক শব্দবন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তো থেকেই যায়। জাতীয় প্রেস দিবসে ফুল, মঞ্চ, বক্তৃতা আর সংবর্ধনার অভাব হয়তো হবে না। কিন্তু সাংবাদিকের কলম যাতে ভয় নয়, সত্যের কালিতে চলে, সেই নিশ্চয়তা কবে মিলবে?


