কলকাতা: ছটপুজোর (Chhath Puja) ঘাট পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা কি ভাবতে পেরেছিলেন সাংসদ মালা রায়? পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে টালিগঞ্জে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ! শুধু বিক্ষোভই নয়, চারদিক থেকে ভেসে এল ‘চোর, চোর’ স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হল। আর উত্তেজনার মধ্যেও নিজের অবস্থানে অনড় রইলেন সাংসদ (Mala Roy)। জানিয়ে দিলেন, তিনি সেখান থেকে সরবেন না!
রবিবার সকালে টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের একটি বিকল্প ছটঘাট (Chhath Puja) পরিদর্শনে যান মালা রায়। সেখানে পৌঁছতেই একদল স্থানীয় বাসিন্দা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ছটপুজোর প্রস্তুতি শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু সাংসদ সেখানে গিয়ে পুজোর (Chhath Puja) আয়োজনে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। বাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের অভিযোগও তোলেন কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের একাংশ নিজেদের বিজেপি কর্মী বলেও দাবি করেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালা রায় (Mala Roy)। তাঁর বক্তব্য, তিনি এলাকার পুরপ্রতিনিধি হিসেবে বিকল্প ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসেছেন। সরকারি মাঠে যে কেউ আসতে পারেন, তিনিও তার ব্যতিক্রম নন। বিক্ষোভকারীদের অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও দাবি তাঁর।
বিতর্কের মধ্যেই আরও বড় অভিযোগ তোলেন সাংসদ। তাঁর দাবি, অতীতে এই মাঠ দখলের চেষ্টা হয়েছিল। সেই জমি পুনরুদ্ধার করে সেখানে বৃদ্ধাশ্রম ও খেলার মাঠ তৈরির পরিকল্পনা ছিল। এখন আবার মাঠ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ মালার। তাঁর কথায়, ৪ তারিখের পর থেকেই এলাকায় অশান্তি শুরু হয়েছে।


