Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোয় বুকস্টল ঘিরে বিতর্ক ও ভাঙচুরের অভিযোগে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘর গোছানোর পাশাপাশি জনসংযোগে নতুন কৌশল নিল সিপিএম (CPIM)। এক জায়গায় স্থায়ী বইয়ের স্টল বসিয়ে ক্রেতার অপেক্ষায় না থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। সেই পরিকল্পনা বাস্তবায়নে রবিবার রাজ্যজুড়ে পথে নামলেন বামকর্মীরা। কলকাতার যাদবপুর থেকে বিধাননগর, পাশাপাশি বিভিন্ন জেলাতেও দেখা গেল বই নিয়ে এই প্রচার অভিযান। সামনেই পুরভোট। তার আগে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
যাদবপুরে বই হাতে রাজনৈতিক বার্তা
রবিবার সকালে যাদবপুরের (Jadavpur) বিভিন্ন এলাকায় বই নিয়ে ঘুরতে দেখা যায় বামকর্মীদের। তাঁদের কর্মসূচিতে উঠে আসে দুটি স্লোগান—‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর’ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিআই(এম)’। উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh), স্থানীয় নেতৃত্ব এবং দলের ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কর্মীদের দাবি, বাসিন্দাদের কাছ থেকে ভালো সাড়া মিলেছে। কেউ বই কিনেছেন, আবার কেউ নিজের সংগ্রহের বই বিনিময় করেছেন।
অভিনেতা দেবদূত ঘোষের অভিযোগ, মানুষের মধ্যে জ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে বাধা দিতেই বুকস্টলে হামলা চালানো হয়েছিল। তবে তাতে আন্দোলন থামেনি। বরং আরও বেশি মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধাননগরে ঠেলাগাড়ি, রিকশায় বইয়ের সম্ভার
যাদবপুরের পাশাপাশি বিধাননগরেও (Bidhannagar) একই কর্মসূচি পালিত হয়। এরিয়া কমিটি ১-এর কর্মীরা ঠেলাগাড়ি ও রিকশায় বই সাজিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন। নেতা বুম্বা মৈত্র (Bumba Maitra) জানান, গত শারদ উৎসবে বুকস্টল ভাঙচুর এবং প্রশাসনের মাধ্যমে সেগুলি বন্ধ করে দেওয়ার অভিযোগের প্রতিবাদেই এই উদ্যোগ।
বইয়ের লড়াইয়ে পুরভোটের প্রস্তুতি?
পুজোর সময় বামেদের বইয়ের তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। মার্ক্স-লেনিনের বইয়ের পাশাপাশি বিবেকানন্দ, গীতা ও বাংলার ইতিহাসের বই না থাকার অভিযোগও উঠেছিল। সেই বিতর্কের আবহেই বামেদের সংগ্রহে দেখা গিয়েছে ‘দুনিয়া কাঁপানো দশ দিন’, ‘ইস্পাত’-এর পাশাপাশি ‘সাভারকর ও হিন্দুত্ব’-এর মতো বই।
মহম্মদ সেলিম (Mohammed Salim) ও সুজন চক্রবর্তীদের (Sujan Chakraborty) পরিকল্পনায় রাজ্য কমিটির বৈঠকের পরেই এই কর্মসূচির রূপরেখা তৈরি হয়। স্থায়ী স্টলের পরিবর্তে মানুষের বাড়িতে পৌঁছে বই বিক্রির এই উদ্যোগ কতটা জনপ্রিয়তা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পুরভোটের আগে বইয়ের হাত ধরে জনসমর্থন বাড়ানোই যে বামেদের অন্যতম লক্ষ্য, তা এই কর্মসূচি থেকেই স্পষ্ট।


