বীরভূম: বিসর্জন মানেই ডিজে, ঢাক, বাদ্যযন্ত্র আর আলোর রোশনাই! কিন্তু বীরভূমের সিউড়িতে ছবিটা একটু আলাদা। এখানে কালীপুজোর (Kali Puja) প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় নজর কাড়তে শুধু প্যান্ডেল বা আলোকসজ্জা নয়, আসল চমক লুকিয়ে থাকে কিশোর-তরুণদের মাথায়! কারও চুলে অক্টোপাস, কারও মাথায় ভিনগ্রহী এলিয়েন! কারও আবার রঙিন চুলে বিচিত্র সব কারুকাজ। আর এই অভিনব সাজের প্রস্তুতি নিতে পাড়ার সেলুনে রীতিমতো লম্বা লাইন!
সিউড়ির লালকুঠিপাড়ার বামদেব ক্লাবের কালীপ্রতিমার (Kali Puja) বিসর্জন শোভাযাত্রা শহরের অন্যতম আকর্ষণ। প্রতি বছরই এই শোভাযাত্রায় অংশ নিতে অভিনব হেয়ারস্টাইলে নিজেদের সাজিয়ে তোলেন এলাকার কিশোর ও যুবকেরা। বয়স মূলত ১০ থেকে ২০ বছরের মধ্যে। তাঁদের এই এক দিনের সাজ দেখতেই ভিড় জমান শহরের মানুষ।
এবারের হিট অক্টোপাস আর এলিয়েন কাটিং। সূত্রের খবর, সুবোধ সোনার নামে এক তরুণ প্রায় চার ঘণ্টা সেলুনে বসে অক্টোপাস কাটিং করিয়েছেন। খরচ হয়েছে প্রায় দেড় হাজার টাকা। অন্যদিকে, আদি মাহারাও একই অঙ্কের টাকা খরচ করে চুলে এলিয়েনের মুখ ফুটিয়ে তুলেছেন বলে জানা গিয়েছে।
এক দিনের সাজ, খরচ হাজার হাজার টাকা!
চমকের এখানেই শেষ নয়। এই বিশেষ হেয়ারস্টাইলের জন্য খরচ শুরু হচ্ছে প্রায় এক হাজার টাকা থেকে। চুল কাটা, নকশা তৈরি, রং করা, সব মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। সেলুনের নাপিতদেরও দম ফেলার ফুরসত নেই! নাপিত রবি ভান্ডারির দাবি, গত ১৫ বছর ধরে বিসর্জনের (Kali Puja) আগে এলাকার ছেলেরা তাঁর সেলুনে আসেন এমন অভিনব সাজ করাতে।
সবচেয়ে মজার বিষয়, এত টাকা খরচ করে, এতক্ষণ অপেক্ষা করে তৈরি করা এই সাজের আয়ু মাত্র এক দিন! বিসর্জন শেষ হলেই পরের দিন ফের সেলুনে হাজির হন অনেকে। কেউ চুল কালো করিয়ে নেন, কেউ আবার পুরো মাথাই কামিয়ে ফেলেন!
অর্থাৎ, সারা বছরের সাধারণ হেয়ারস্টাইল নয়, বরং এক দিনের জন্য মাথায় শিল্পকর্ম ফুটিয়ে তোলাই তাঁদের আসল লক্ষ্য। ২০২২ সালেও এই ক্লাবের বিসর্জনে (Kali Puja) তরমুজ, মাকড়শা, কার্টুন চরিত্রের নকশা দেখা গিয়েছিল। অর্থাৎ, চুলের এই অভিনবত্ব বামদেব ক্লাবের দীর্ঘদিনের পরিচিতি।
এবারও অক্টোপাস আর এলিয়েনের সাজে জমজমাট সিউড়ির বিসর্জন। প্রশ্ন একটাই, পরের বছর মাথায় কী উঠবে? ডাইনোসর, ড্রাগন, নাকি আরও কোনও ভিনগ্রহী প্রাণী? সিউড়ির এই বিসর্জনে প্রতিমার পাশাপাশি নজর কিন্তু থাকছে মাথায় মাথায়!


