Aaj India Desk, পাটনা : বিধায়কের বাড়ির পাঁচিলেই এবার বুলডোজারের আঘাত! সরকারি রাস্তা দখল করে নির্মাণের অভিযোগে বিহারের বিজেপি বিধায়ক তথা লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুরের (Maithili Thakur) পরিবারের তৈরি পাঁচিল ভেঙে দিল প্রশাসন। শুক্রবার বিহারের দ্বারভাঙা জেলার পোখরভিন্দা গ্রামে এই অভিযান চালানো হয়। জমি মাপজোকের পর সরকারি রাস্তার একাংশ দখল করে পাঁচিল তৈরির প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি প্রশাসনের। যদিও পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মৈথিলী।
মৈথিলী ঠাকুরের (Maithili Thakur) পরিবারের বিরুদ্ধে সরকারি রাস্তা, গ্রামের দেবতা তিওয়ারি বাবার জমি, রাধাকৃষ্ণ মন্দির, সর্বজনীন শ্মশানঘাট এবং নিকাশি নালা দখলের অভিযোগ তুলেছিলেন পোখরভিন্দা গ্রামের কয়েক জন বাসিন্দা। বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়। রাজ্য সরকারের সহযোগ পোর্টালেও অভিযোগ জমা পড়ে।
অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার গ্রামে পৌঁছন ডেপুটি কালেক্টর অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমার। অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জমি মাপজোক করা হয়। প্রশাসনের দাবি, তাতেই সরকারি রাস্তার একাংশ দখল করে পাঁচিল নির্মাণের প্রাথমিক প্রমাণ মেলে। এরপরই বুলডোজ়ার দিয়ে সেই পাঁচিল ভেঙে রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ডেপুটি কালেক্টর অজয় কুমারের বক্তব্য, সরকারি রাস্তা দখলের বিষয়টি প্রাথমিক মাপজোকে ধরা পড়েছে। তাই দ্রুত ওই নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে। অন্য অভিযোগগুলির বিষয়ে প্রয়োজনীয় নথি নিয়ে অভিযোগকারীদের শনিবার সার্কেল অফিসে হাজির হতে বলা হয়েছে।
মৈথিলীর (Maithili Thakur) বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধেও ব্যক্তিগত জমি দখলের অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দা গগনকুমার মিশ্র। গত ৭ নভেম্বর সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগে তাঁর দাবি, রমেশ ঠাকুর তাঁর তিন ডেসিমেল জমি দখল করেছেন। দখল সরানোর কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে, পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। তাঁর দাবি, অভিযোগগুলির কোনও ভিত্তি নেই এবং জমি সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি তাঁদের কাছে রয়েছে। তবে সরকারি রাস্তা দখলের অভিযোগে পাঁচিল ভাঙার পরেও বাকি অভিযোগগুলির তদন্ত ও জমির নথি যাচাইয়ের দিকেই এখন মনোনিবেশ করেছে প্রশাসন।


