Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। ২০২৪ সালের ৫ অগস্ট (5 August 2024) গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। এবার বাংলাদেশের রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হলেও আইনি ও প্রশাসনিক জটিলতা এখনও কাটেনি।
পাসপোর্টের আবেদনেও বাধা
বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রশাসন সেই আবেদন নাকচ করে দিয়েছে । ফলে সরাসরি দেশে ফেরার প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তাঁকে প্রত্যর্পণ করার বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কী সমীকরণ তৈরি হচ্ছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতের সামনে কী দুটি শর্ত?
শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির তরফে দুটি শর্তের কথা সামনে এসেছে। যদিও ভারত সরকার কিংবা বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রথমত, হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালে সামরিক বিমানে হিন্দোন এয়ারবেসে (Hindon Air Base) পৌঁছেছিলেন তিনি। এবার ফেরানোর ক্ষেত্রেও আকাশপথ অথবা স্থলপথে সেনাবাহিনীর মাধ্যমেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। প্রয়োজনীয় পরিবহণ ও অন্যান্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে পারে ভারত।
দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর সুযোগ দিতে হবে হাসিনাকে। জুলাই আন্দোলন ঘিরে গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়টিও শর্তের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে । তবে বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতায় ভারত হস্তক্ষেপ করছে, এমন কোনও বার্তা দিতে চায় না নয়াদিল্লি।
আওয়ামী লিগের ভবিষ্যৎও জড়িয়ে প্রত্যাবর্তনে
বাংলাদেশ ছাড়ার পর লন্ডনে যাওয়ার চেষ্টা করলেও ব্রিটেনের (United Kingdom) তরফে আশ্রয় না মেলায় ভারতে থাকতে হয় হাসিনাকে। মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই তাঁর প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। তবে ভারত এখনও সেই বিষয়ে প্রকাশ্যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
অন্যদিকে, আওয়ামী লিগের (Awami League) সাংগঠনিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। দলের রাজনৈতিক অস্তিত্ব পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের যে ইঙ্গিত তিনি দিয়েছেন, তা বাস্তবে কতটা সম্ভব হয়, এখন সেটাই দেখার।


