Aaj India Desk, কলকাতা: কলকাতার কসবা (Kasba) এলাকায় আরসালান বিরিয়ানি (Arsalan Biryani) রেস্তোরাঁকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি শিবমন্দিরের জন্য তৈরি কাঠামো দখল করে সেটিকে গোডাউন হিসেবে ব্যবহার, মন্দির চত্বরে রেস্তোরাঁর কাজকর্ম চালানো এবং সরকারি ফুটপাত ও খালের জায়গা দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার, ১২ নভেম্বর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কসবা বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের নির্বাচনের প্রার্থী তথা বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় (Sandip Banerjee)।
অভিযোগপত্র অনুযায়ী, নস্করহাট রোডের সেক্টর সি-তে ১৬৯৩/এ ঠিকানায় আরসালান রেস্তোরাঁর পাশেই রয়েছে একটি পুরনো শিবমন্দির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মন্দিরের জায়গা ব্যবহার করে রেস্তোরাঁর পরিসর বাড়ানো হয়েছে। এমনকী, মন্দিরের মূল কাঠামোর মধ্যেও নির্মাণকাজ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ আরও, মন্দিরের জায়গাকে রান্নার কাজ, শৌচাগার এবং রেস্তোরাঁর বিভিন্ন জিনিসপত্র মজুত রাখার কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পুরসভার অধীনে থাকা ফুটপাত ও রাস্তার সামনের অংশ দখল করে পার্কিং এবং ব্যবসায়িক কাজ চালানোর অভিযোগও উঠেছে। খালের দিকে নির্মাণ বাড়ানো এবং রেস্তোরাঁর বর্জ্য খালে ফেলার বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
কী অভিযোগ সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের?
এই বিষয়ে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরসালান রুবির উল্টোদিকে টেগোর পার্ক এলাকায় আগে একটি শিবমন্দির ও হনুমান মন্দির ছিল। তাঁর অভিযোগ, সেই মন্দির সরিয়ে সেখানে বিরিয়ানির কন্টেনার রাখার জন্য গোডাউন তৈরি করা হয়েছিল। তিনি প্রতিবাদ জানিয়ে সেখান থেকে সমস্ত মালপত্র সরিয়েছেন এবং মন্দিরটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, রেস্তোরাঁর ব্যবসা নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু মন্দিরের জায়গায় মাংস রান্না করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এই অভিযোগের ভিত্তিতে কসবা থানার কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের দিয়ে দ্রুত এলাকা পরিদর্শন, বেআইনি নির্মাণের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা এবং মন্দিরের পুরনো ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী রেস্তোরাঁর কাজ সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টিও বিবেচনা করার আর্জি জানানো হয়েছে।
কী বলছে আরসালান কর্তৃপক্ষ?
অন্যদিকে, সমস্ত অভিযোগ মানতে নারাজ আরসালান কসবা শাখার ম্যানেজার বাপি চক্রবর্তী। তাঁর দাবি, জায়গাটিকে মন্দিরের মতো দেখতে করে তৈরি করা হলেও সেখানে কখনও কোনও দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি। তাঁর বক্তব্য, জমির মালিক তাঁদের জায়গাটি ভাড়া দিয়েছেন। ২০১৫ সালে তাঁরা সেখানে ব্যবসা শুরু করার সময় কোনও মন্দির ছিল না। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
জমির মালিক বিজয় বেড়ের বক্তব্যও প্রায় একই। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে মন্দির তৈরির কাজ শুরু হলেও পরপর দু’টি ঘটনার কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। প্রথমে মন্দিরের মূর্তি হারিয়ে যায় এবং পরে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর এক জ্যোতিষীর পরামর্শে মন্দির তৈরির কাজ আর এগোননি। তাঁর দাবি, মন্দিরের কাঠামো তৈরি থাকলেও সেটি কোনওদিন সম্পূর্ণ হয়নি।
বেআইনি নির্মাণ হলে ভাঙার হুঁশিয়ারি অগ্নিমিত্রার
মন্দির ও আরসালানকে ঘিরে এই বিতর্কের মধ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে টাকা দিয়ে জমি দখল কিংবা বেআইনিভাবে বাড়তি নির্মাণের যে অভিযোগ রয়েছে, বর্তমান সরকার তা বরদাস্ত করবে না। কোথাও বেআইনি নির্মাণ হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজেরাই তা সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় প্রশাসন বুলডোজার নিয়ে পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, মন্দির বা মসজিদ, কোনও ধর্মীয় স্থানের নামেই জমি দখল করা যাবে না। রাস্তা বা পুকুর দখল করলেও জরিমানা করা হবে।
ঘটনাস্থল পরিদর্শনে কলকাতা পুরসভার প্রতিনিধি দল
এদিকে, অভিযোগ সামনে আসার পরই বৃহস্পতিবার কলকাতা পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ একটি প্রতিনিধি দল কসবা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। রেস্তোরাঁর সামনের অংশ, মন্দিরের কাঠামো এবং খালপাড়ের রাস্তা ঘুরে দেখেন তাঁরা।
পরিদর্শনের পর খালপাড়ের রাস্তার কিছু অংশ প্রাথমিকভাবে জবরদখল করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তবে নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। পুরসভার মূল নকশা বের করে দেখা হবে, অনুমোদিত নকশার বাইরে কোনও নির্মাণ করা হয়েছে কি না।
এখন অভিযোগের তদন্ত এবং পুরসভার নকশা যাচাইয়ের পরেই স্পষ্ট হবে, কসবার এই রেস্তোরাঁকে ঘিরে ওঠা অভিযোগের বাস্তব ভিত্তি কতটা।


