Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : আপাতত স্বস্তি ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan)। তাঁর বাড়ি ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির শুনানিতে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। ফলে প্রশাসনের শুরু করা বুলডোজার অভিযান আপাতত থমকে গেল।
সোমবার পর্যন্ত স্থগিত বাড়ি ভাঙা
সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগে জাহাঙ্গির খানের (Jahangir Khan) বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। অভিযোগ, বাড়ি খালি করে ভেঙে ফেলার জন্য তাঁকে সাত দিনের সময় দিয়ে নোটিস পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ভাঙায় শুরু হয় উচ্ছেদ অভিযান।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জেলবন্দি জাহাঙ্গির। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বাড়ি ভাঙার কাজ করা যাবে না।
প্রশাসনের কাছে আদালতের প্রশ্ন
শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি জানতে চান, জাহাঙ্গির (Jahangir Khan) বর্তমানে জেলে রয়েছেন। সেক্ষেত্রে প্রশাসন কীভাবে নিশ্চিত হল যে সংশ্লিষ্ট বাড়িটি তাঁর? বাড়ি ভাঙার আগে তাঁকে যথাযথ নোটিস দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দু’জন ব্যক্তি বাড়িটি জাহাঙ্গিরের বলে চিহ্নিত করেছিলেন। প্রথমে ডাকযোগে নোটিস পাঠানো হয়। পরে বাড়ির দেওয়ালেও নোটিস সাঁটানো হয়েছিল।
বাড়িটি নিয়ে কী দাবি জাহাঙ্গিরের?
জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, তাঁর মক্কেল ওই বাড়িটির উল্লেখ করলেও সেখানে বসবাস করতেন না। তিনি অন্য একটি বাড়িতে থাকতেন। ফলে বাড়িটির মালিকানা ও পরিচয় নিয়েই আদালতে প্রশ্ন উঠেছে।
একসময় ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গির। গত বিধানসভা নির্বাচনে তাঁকে ফলতার প্রার্থী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাধিক অভিযোগ ও অসংগতির জেরে ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসার মামলাসহ একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হন জাহাঙ্গির। এবার তাঁর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে আইনি লড়াই নতুন মাত্রা পেল। সোমবার কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিকে নজর থাকবে।


