Aaj India Desk, কলকাতা: কর্মস্থলের বাইরে হস্টেলে থাকাকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তাঁকে যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করা হয়। এমনকী, নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থাও চেয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। নাগেরবাজারের (Nagerbazar) একটি হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NRS Medical College and Hospital) হাউস স্টাফ অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
মৃত্যুর আগে কী জানিয়েছিলেন চিকিৎসক?
জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন অভিজিৎ। সেখানে তিনি লিখেছিলেন, হস্টেলে কয়েকজনের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর আশঙ্কা, ওই ব্যক্তিরা ক্ষমতাশালী হতে পারেন। এই পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য চেয়েছিলেন তিনি। পাশাপাশি জরুরি ভিত্তিতে সুরক্ষা, সহযোগিতা এবং বাড়ি ফেরার নিরাপদ ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন।
শুধু তাই নয়, অন্য একটি পোস্টে তাঁর লেখা ছিল, ‘আমি আর পেরে উঠছি না।’ মৃত্যুর আগে পরপর এমন বার্তা কেন দিয়েছিলেন তিনি, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।
পরিবারের অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন
নদিয়ার (Nadia) মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কাজ করতেন। পরিবারের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তাঁকে ফোন করার চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু সেই সময় নিয়মিত হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছিলেন তিনি।
পরিবারের আরও দাবি, তাঁদের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যদেরও সমস্যায় পড়তে হতে পারে, এমন ইঙ্গিতপূর্ণ বার্তা পাওয়া গিয়েছিল। সেই কারণেই অভিজিতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছিল তাঁদের।
নিরপেক্ষ তদন্তের আর্জি পরিবারের
পরিবারের সদস্যদের কথায়, অভিজিৎ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের মানুষের কাছে তিনি সহজ-সরল এবং মাটির মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। পরিবারের অভিযোগ, অভিজিৎকে খুন করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তাঁরা।
এদিকে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হস্টেলের অন্যান্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর আগে চিকিৎসকের করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের অভিযোগ সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তদন্তের পরেই স্পষ্ট হবে, ঠিক কী ঘটেছিল অভিজিতের সঙ্গে।


