30 C
Kolkata
Saturday, October 31, 2026
spot_img

গাদ্দারের পর এবার ‘নিরুদ্দেশ’ পোস্টারে ছয়লাপ এলাকা! চিন্তিত ফিরহাদ হাকিম!

Aaj India Desk, কলকাতা : চেতলার বাড়ির কাছে ‘গদ্দার’ পোস্টারের দু’দিনের মাথায় এবার কলকাতা পোর্ট এলাকায় ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিশানা করে ‘নিখোঁজ’ পোস্টার! ৪ মে-র পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি পোস্টারে। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কলকাতায়।

ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার চেতলায় নিজের বাড়ির অদূরে ‘গদ্দার’ পোস্টার পড়ার পর শুক্রবার কলকাতা পোর্ট বিধানসভা এলাকায় দেখা গেল নতুন পোস্টার। গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজের বিভিন্ন ল্যাম্পপোস্ট এবং দেওয়ালে সাঁটানো হয়েছে এই পোস্টারগুলি।এবার পোস্টারে লেখা, ‘৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ।’ শুধু বাংলাতেই নয়, ইংরেজি ও হিন্দিতেও পোস্টার দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফিরহাদ হাকিমের (Firhad Hakim) চেতলার বাড়ির কাছে ৮২ নম্বর ব্লকে একাধিক বিতর্কিত পোস্টার ও ব্যানার দেখা যায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘গাদ্দার’। পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ছবি ব্যবহার করে লেখা হয়েছিল, ‘নিজের বেলায় আঁটি গুটি, পরের বেলায় দাঁত কপাটি। নিজের জামাই ও নিজের মেয়ের বেলায় কোন ফর্মুলা—রক্ত না ভক্ত?’ পোস্টারের নীচে ৮২ নম্বর ব্লক তৃণমূলের নাম থাকলেও স্থানীয় যুব তৃণমূলের একাংশ এই পোস্টারের সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছিল।

অন্যদিকে, নতুন পোস্টার বিতর্কে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর বক্তব্য, ফিরহাদ হাকিম কেন কলকাতা পোর্ট এলাকার বিভিন্ন জায়গায় যাচ্ছেন না, তা তাঁর জানা নেই। তবে তিনি ভয় পাচ্ছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন রুদ্রনীল। তাঁর দাবি, মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও ধারণার প্রতিফলন হিসেবেই এ ধরনের মন্তব্য বা পোস্টার সামনে আসছে। মানুষের যন্ত্রণা ও প্রশ্ন প্রকাশের জায়গা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র থেকে রাজ্যের মন্ত্রী—একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর রাজনৈতিক অবস্থান বদলায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল শিবিরের সঙ্গে যুক্ত হন তিনি। সম্প্রতি পুরসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়েছেন ফিরহাদ। বিধায়ক হিসেবে মেয়াদ শেষ হলে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে একদিকে চেতলায় ‘গদ্দার’ তকমা, অন্যদিকে গার্ডেনরিচ-মেটিয়াবুরুজে ‘নিখোঁজ’ পোস্টার, পরপর দু’টি ঘটনায় ফিরহাদ হাকিমকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। যদিও এই পোস্টারগুলি কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। কলকাতা পোর্টের রাজনীতিতে ফিরহাদকে ঘিরে এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন