Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে (By Election) জয়ী বিজেপির দুই প্রার্থী হাসিরানি রথ ও শাখারভ সরকার বুধবার বিধানসভার (Assembly) সদস্য হিসেবে শপথ নিলেন। বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার রথীন্দ্র বসু। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । নতুন বিধায়কদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারাও তাঁদের শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত বিধায়কদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?
শপথগ্রহণের পর হাসিরানি রথ ও শাখারভ সরকারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। তাঁদের নতুন দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়ে শুভেন্দু বলেন, বিধানসভার সদস্য হিসেবে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তাঁদের প্রতি শুভেচ্ছা রইল।
এদিন উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে ফলতায় দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, রেজিনগরে ৭৫ হাজার ভোটের ব্যবধানে শাখারভ সরকারের জয় সরকারের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। এরপরই নিজের বক্তব্যে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। এখনও লাঞ্চ হয়নি। দেখতে থাকুন।”
বিজেপিকে নিয়ে কী বললেন শুভেন্দু?
বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি বলেন, “হ্যাঁ, আমরা হিন্দু। আমরা সনাতনে বিশ্বাস রাখি। কিন্তু সরকার চালাতে গিয়ে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আমরা সেগুলিকেই গুরুত্ব দিই।”
শপথগ্রহণে তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে আলোচনা
দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক মহলের নজর ছিল উপস্থিত নেতাদের দিকে। তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ নেতা অশোক দেব। পাশাপাশি কংগ্রেসের এক বিধায়কও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, উপনির্বাচনের ফলাফল নিয়ে এর আগে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, “এটা কোনও ভোট হয়েছে নাকি! পুরোটাই ধাপ্পা।” সেই মন্তব্যের পর উপনির্বাচনে জয়ী শাখারভ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের প্রবীণ নেতা অশোক দেবের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে, দুই নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “শাখারভ সরকার ও হাসিরানি রথকে অভিনন্দন জানাই।”


