স্নেহা পাল, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় বড় আঘাত বাম শিবিরে। সিপিএমের (CPM) পরিচিত তরুণ মুখ এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী প্রতীক উর রহমানের একটি চিঠিতেই ফাটল ধরলো লাল শিবিরে।
সোমবার সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর কাছে পদত্যাগপত্র পাঠান প্রতীক উর রহমান। চিঠিতে দলীয় জেলা ও রাজ্য নেতৃত্বের কিছু ভাবনা ও কার্যপ্রণালীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারার কথা জানিয়ে তিনি পদত্যাগ করেন। পাশাপাশি ‘গভীর মানসিক দ্বন্দ্ব’র মধ্য দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। ভোটের মুখে তাঁর পদত্যাগ বামফ্রন্টের সংগঠনে প্রভাব ফেলতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী এই নিয়ে বলেন, “এই বিষয়ে রাজ্য নেতৃত্ব দেখবেন।” তবে সিপিএমের (CPM) পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে সিপিএম (CPM) নেতৃত্বকে কটাক্ষ করেছে। পাশাপাশি প্রতীক উর রহমানের অন্য দলে যোগ দেওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
তবে প্রতীক উর রহমান নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি কেবল পদত্যাগ করেছেন, দল ছাড়েননি। তাই এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অর্থ নেই।


