Aaj India Desk, কলকাতা: মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেই মিলছে পুলিশের গ্রেপ্তারি! চোরবাগানের মর্মান্তিক কাণ্ডের পর সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করতেই গ্রেপ্তার হন নাগেরবাজারের বাসিন্দা আকাশ সরকার (Akash Sarkar)। পুলিশের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর জেরেই এই পদক্ষেপ। কিন্তু প্রশ্ন উঠছে, কুনাল ঘোষ বা সুজন চক্রবর্তীর মতো বিরোধী নেতাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠলে কেনো একই তৎপরতা দেখা যায় না? গণতান্ত্রিক দেশে সমালোচনা ও মত প্রকাশের অধিকার কি তবে ছাপা অক্ষর মাত্র?
কী অভিযোগ আকাশের বিরুদ্ধে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক অশালীন ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে আকাশের (Akash Sarkar) বিরুদ্ধে। পাশাপাশি, বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়ে পোস্ট করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে আকাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ধৃত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সমাজমাধ্যমে তাঁর পোস্টের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। সোমবার তাঁকে বারাকপুর আদালতে পেশ করার কথা।
পশ্চিম মেদিনীপুরেও গ্রেপ্তার যুবক
সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট ঘিরে এর আগেও গ্রেপ্তারির ঘটনা সামনে এসেছে। রবিবার পশ্চিম মেদিনীপুরে সুরজিৎ শী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তিনি সমাজমাধ্যমে হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত ও ব্যঙ্গাত্মক পোস্ট করতেন। হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার দাঁতন আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনার জেরে রাজ্য জুড়ে বাড়ছে বিতর্ক। বিরোধী দলগুলির বক্তব্য, শাসকের বিরুদ্ধে প্রশ্ন তুললেই যদি গ্রেপ্তারির মুখে পড়তে হয়, আর বিরোধীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের ক্ষেত্রে একই রকম পদক্ষেপের প্রশ্ন ওঠে, তবে আইনের নিরপেক্ষতা কোথায়? গণতন্ত্রে শাসকের সমালোচনা অপরাধ নয়, আর ক্ষমতার সমালোচনা সহ্য করতে না পারা কোনও প্রশাসনের সাফল্যও নয়। আইন যদি সবার জন্য হয়, তবে তার প্রয়োগেও বেছে বেছে সক্রিয়তার অভিযোগের অবকাশ থাকবে কেনো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি মুখ্যমন্ত্রী।


