Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : দুর্গাপুজোর ভিড়ে ঘটে যাওয়া বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। উৎসবের আনন্দে যাতে আর কোনও পরিবারের কাছে নেমে না আসে অন্ধকার, তা নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। সামনেই কালীপুজো। আর সেই উপলক্ষে নৈহাটির বড়মার মন্দিরে (Naihati Boroma Temple) ভক্তদের ঢল নামার সম্ভাবনা। পরিস্থিতি সামাল দিতে তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগেভাগেই প্রস্তুতি শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কিন্তু কীভাবে সামলানো হবে বিপুল জনসমাগম? নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার মন্দির চত্বর পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অমিতকুমার সিং।
শনিবার বড়মার মন্দির চত্বর (Naihati Boroma Temple) পরিদর্শনের সময় পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গার ঘাট থেকে গোটা অরবিন্দ রোড ঘুরে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং। সঙ্গে ছিলেন বড়মার মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার পুলিশ আধিকারিকরা।দর্শনার্থীদের যাতায়াতের পথ কতটা নিরাপদ, কোথায় ভিড় জমার সম্ভাবনা রয়েছে এবং কীভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা যাবে, তা খতিয়ে দেখা হয়।
পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন কমিশনার। মন্দির চত্বরে (Naihati Boroma Temple) কীভাবে দর্শনার্থীদের প্রবেশ ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে, কোথায় পুলিশ মোতায়েন করা প্রয়োজন এবং জনসমাগমের উপর কীভাবে নজরদারি চালানো হবে, তা নিয়ে আলোচনা হয়।
পুলিশ কমিশনার অমিতকুমার সিং জানিয়েছেন, কালীপুজোয় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই এই আগাম পরিদর্শন। পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগানে ঘটে যাওয়া বিপর্যয়ের পর উৎসবের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সতর্ক প্রশাসন। কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে প্রতি বছরই বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। ফলে ভিড় সামলানো, নিরাপদে যাতায়াত এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো পুলিশের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নৈহাটির বড়মার মন্দিরে কালীপুজো ঘিরে ভক্তদের ভিড় বাড়ার আগেই এই তৎপরতা প্রশাসনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।


