কলকাতা: এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেছে বিরোধীরা। তাঁর পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই উত্তাল জাতীয় রাজনীতি। দিল্লিতে দফায় দফায় বিক্ষোভের আবহে এবার কলকাতার রাজপথে প্রতিবাদের ডাক কালীঘাট তৃণমূলের (Mamata Banerjee)।
মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে প্রচারপত্রও। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলার পাশাপাশি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটক করা এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদের আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জেলায় জেলায় কর্মসূচির বার্তাও পাঠানো হয়েছে বলে খবর। ফলে নির্বাচন কমিশনকে ঘিরে জাতীয় রাজনীতির উত্তাপ এবার বাংলার রাজপথেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মিছিলে কি হাঁটবেন মমতা? বাড়ছে জল্পনা
এই কর্মসূচির সবচেয়ে বড় আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্ভাব্য উপস্থিতি। তিনি নিজে মিছিলে হাঁটবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে। প্রচারপত্র প্রকাশ এবং কর্মসূচির প্রস্তুতিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
শোনা যাচ্ছে, দুপুর ২টো নাগাদ মিছিল শুরু হতে পারে। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সতর্ক প্রশাসন। তবে মিছিলের চূড়ান্ত সময়সূচি এবং মমতার উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।
‘রাজাবাজার থেকে এক পা-ও এগোতে দেব না!’
তৃণমূলের এই কর্মসূচি ঘিরে সোমবার রাতেই কড়া অবস্থান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতায় একটি পুজোর উদ্বোধনের পর তিনি বলেন, “বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গাপুজোর সময়ে।”
মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) এই মন্তব্যের পরেই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি, অন্যদিকে দুর্গাপুজোর সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে প্রশাসনের কড়া অবস্থান, সব মিলিয়ে মঙ্গলবারের কর্মসূচিকে ঘিরে নজর এখন কলকাতার রাজপথে।
পার্ক সার্কাসে কড়া নিরাপত্তা, নজর পুলিশের
মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে খবর। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্ধারিত পথে মিছিল এগোতে পারবে কি না, কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকবেন কি না এবং প্রতিবাদ ঘিরে রাজনৈতিক চাপানউতোর কোন দিকে গড়ায়।
দিল্লির জ্ঞানেশ কুমার-বিতর্কের আঁচে কলকাতার রাজনীতি এখন সরগরম। মঙ্গলবারের মিছিল ঘিরে তাই নজর শুধু তৃণমূলের কর্মসূচিতে নয়, প্রশাসনের পদক্ষেপেও।


