কলকাতা: SRFTI-র গেটে ফের রণক্ষেত্র! গেট ভেঙে ঢোকার চেষ্টা, ভিতরে হেলমেট পরে পড়ুয়া-অধ্যাপক! কলকাতার অন্যতম নামী চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান SRFTI-র গেটে ফের তুমুল উত্তেজনা! বাইরে মিছিল, ভিতরে হেলমেট পরে পড়ুয়া-অধ্যাপক। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ। পরিস্থিতি সামলাতে নামল পুলিশ। আর তার মধ্যেই বাইরে থেকে ইট-পাথর ও জলের বোতল ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা।
ঘটনার সূত্রপাত অবশ্য আজ নয়। গত রবিবার SRFTI-এর অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন সেখানে গিয়ে উত্তেজনা তৈরি করেন কয়েকজন SFI পড়ুয়া। ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে।
এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দু’পক্ষের অশান্তিতে ইট-পাথর ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। বেশ কয়েকজন জখম হন। প্রায় ৬-৭ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ সরকার জানিয়েছিলেন, ভারতমাতা বা স্বামী বিবেকানন্দকে অসম্মান করার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।আর সেই ঘটনার প্রতিবাদেই এদিন অজয়নগর থেকে SRFTI-এর গেট পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কিন্তু মিছিল পৌঁছতেই আবার সেই একই ছবি!বিক্ষোভকারীরা গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করেন বলে অভিযোগ। ভিতরে ততক্ষণে জড়ো হয়ে যান পড়ুয়া ও অধ্যাপকরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় তাঁদের অনেককেই হেলমেট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরপরই দুই পক্ষের তরফে পাল্টাপাল্টি অভিযোগ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, ভিতর থেকে পড়ুয়া ও অধ্যাপকদের ছোড়া জলের বোতলের আঘাতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে, SRFTI-এর ভিতরে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে বাইরে থেকে ইট-পাথর ও জলের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অধ্যাপক দেবাশিস সেনশর্মা জখম হয়েছেন বলে দাবি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। তাঁদের বক্তব্য, “ভারতবিরোধীরা ভারতমাতা, বিবেকানন্দের ছবিতে লাথি মেরেছে। রাষ্ট্রবাদীদের শক্তি বুঝিয়ে দিলাম।”
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত SRFTI-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে ফের SRFTI-এর গেটে উত্তেজনা।


