Aaj India Desk, কলকাতা: কয়েক মাস আগেও তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। সেই পদ ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। এবার সেই জল্পনার অবসান। রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক (koyel Mallick)কেই প্রার্থী করল বিজেপি। রবিবার দলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ হতেই সামনে আসে এই চমকপ্রদ সিদ্ধান্ত।
কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন হবে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ভোটগ্রহণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ভোট হবে ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরই গণনা হবে।
কয়েক মাসেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ
চলতি বছরের শুরুতে তৃণমূলের হয়ে রাজ্যসভায় পা রাখেন কোয়েল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। কিন্তু সেই যাত্রা বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই, ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দেন অভিনেত্রী। তাঁর পদত্যাগের কারণেই আসনটি খালি হয়ে যায়।
সাংসদ থাকাকালীন রাজ্যসভার কোনও অধিবেশনেই কোয়েল যোগ দেননি বলে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাঁকে শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যও করা হয়েছিল।
ইস্তফার পর থেকেই বিজেপি-যোগের জল্পনা
রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই কোয়েলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোর চর্চা শুরু হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও খবর সামনে আসে। বিশেষ করে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ জল্পনা আরও বাড়িয়ে দেয়।
এর মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray), সুস্মিতা দেব (Sushmita Dev) এবং প্রকাশচিক বরাইক (Prakash Chik Baraik)-কে বিজেপি রাজ্যসভায় প্রার্থী করেছিল। তিনজনই পরে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কোয়েলও এবার সেই একই পথে হাঁটতে চলেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
যে আসন ছেড়েছিলেন, সেখানেই বিজেপির হয়ে লড়াই
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূলের সাংসদ হিসেবে যে আসন থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল, এবার সেই আসনেই বিজেপির প্রার্থী তিনি। বর্তমান বিধানসভা সমীকরণে বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই আসনটি পদ্ম শিবিরের দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচিত হলে কোয়েল রাজ্যসভার বাকি মেয়াদ, অর্থাৎ ২০৩২ সালের এপ্রিল পর্যন্ত সাংসদ থাকবেন।
এখন নজর একটাই—কবে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কোয়েল মল্লিক। কারণ মনোনয়ন জমা দেওয়ার আগেই তাঁর দলবদলের বিষয়টি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে রাজ্য রাজনীতিতে কোয়েল মল্লিককে ঘিরে তৈরি হল নতুন রাজনৈতিক সমীকরণ।


