Aaj India Desk, নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে ফের চাপের মুখে তৃণমূল কংগ্রেস (TMC)। সংসদের একাধিক স্থায়ী কমিটি নতুন করে সাজানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ এবং লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) উদ্যোগে এই রদবদল করা হয়েছে। আর নতুন তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে, দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তৃণমূলের হাতছাড়া হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, বাণিজ্য সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির (BJP) প্রবীণ সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীকে। এর আগে এই কমিটির দায়িত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।
অন্যদিকে, রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান পদেও বদল এসেছে। এবার এই কমিটির দায়িত্ব পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এর আগে এই পদে ছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। তৃণমূলের অন্দরে কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক অবস্থানের পর এই নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে সব কমিটিতেই যে পরিবর্তন হয়েছে, তা নয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির পুরনো চেয়ারম্যানদেরই দায়িত্বে রাখা হয়েছে। ডিএমকের তিরুচি শিবা শিল্প সংক্রান্ত কমিটি এবং কে কানিমোঝি খাদ্য, উপভোক্তা বিষয়ক ও পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সংক্রান্ত কমিটির দায়িত্বে থাকছেন। এনডিএ-র শরিক দলগুলির নেতারাও বেশ কয়েকটি সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। জেডিইউ, শিবসেনা এবং টিডিপির নেতাদেরও গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে রাখা হয়েছে।
বিরোধী শিবিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংসদের ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তন করা হয়নি। কংগ্রেসের শশী থারুর বিদেশ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চরণজিৎ সিং চন্নি কৃষি সংক্রান্ত কমিটির দায়িত্বে থাকছেন। মুকুল ওয়াসনিক শিক্ষা, নারী, শিশু, যুব ও ক্রীড়া সংক্রান্ত কমিটির দায়িত্বে থাকবেন। সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন।
প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাধা মোহন সিংকে। এছাড়া জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা পরিবহন, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পেয়েছেন। শক্তি সংক্রান্ত কমিটির দায়িত্বে থাকছেন শিবসেনার শ্রীনিবাস বার্নে। পার্সোনেল, পাবলিক গ্রিভান্স এবং আইন ও বিচার সংক্রান্ত কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন বিজেপির সুজিত কুমার। তিনি দলেরই ব্রিজ লালের জায়গায় এসেছেন।
এছাড়াও কয়লা, খনি ও ইস্পাত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদে অনুরাগ ঠাকুর এবং জলসম্পদ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদে রাজীব প্রতাপ রুডি বহাল রয়েছেন। অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে থাকছেন বিজেপির ভর্তৃহরি মহতাব। স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে ফের দায়িত্ব পেয়েছেন রাধা মোহন দাস আগরওয়াল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির দায়িত্বে থাকছেন নিশিকান্ত দুবে।
রেল মন্ত্রকের স্থায়ী কমিটিতে অবশ্য পরিবর্তন হয়েছে। সি এম রমেশের জায়গায় নতুন চেয়ারম্যান হয়েছেন বিজেপির সুধীর গুপ্তা। সব মিলিয়ে সংসদের নতুন স্থায়ী কমিটির তালিকায় তৃণমূলের দুটি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদ হাতছাড়া হওয়াকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।


