Aaj India Desk, মুম্বই : দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশন ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে চলছে আন্দোলন। এর মধ্যেই ডেডলাইন মেনে গতকাল থেকে মুম্বই এর শিবাজী পার্কেও আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি। এবার সেই আন্দোলন আরও জোরদার করার ঘোষণা করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার ডাক দিয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের পরেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা করেন তিনি।
অভিজিৎ দীপকের (Abhijit Dipke) বক্তব্য, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ১০ অক্টোবর যন্তর মন্তরে হবে পরবর্তী বড় কর্মসূচি। তিনি এই কর্মসূচিকে ‘যন্তর মন্তর 2.0’ বলেও উল্লেখ করেছেন। দীপকে জানান, আন্দোলন শান্তিপূর্ণভাবেই হবে। তাঁর দাবি, মহাত্মা গান্ধীর দেখানো অহিংস পথেই আন্দোলন চালানো হবে। দিল্লি পুলিশ তাঁদের বাধা দিলে যেখানে থামানো হবে, সেখানেই যন্তর মন্তরের মতো প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানান তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও বলেন, সরকার ও দিল্লি পুলিশের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা হবে, নাকি ২০ জুলাইয়ের ঘটনায় যে পুলিশি পদক্ষেপ দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তি হবে। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান এমন প্রত্যেক নাগরিকের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। একই পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ককরোচ মুভমেন্ট’-কে সমর্থনের জন্য ধন্যবাদও জানান দীপকে (Abhijit Dipke)।
উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত প্রায় ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। এরপর একে একে ভোটার তালিকা সংক্রান্ত নানান দুর্নীতির অভিযোগ সামনে আসায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে সিজেপি সহ একাধিক সংগঠন। এবার যন্তর মন্তরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক কি সেই দাবিকেই ফের সুনিশ্চিত করবে? উঠছে প্রশ্ন।


