30.4 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

আদালতের সঙ্গে চালাকি? খড়দা থানার থেকে অভয়া সৎকার মামলা এবার CBI-এর হাতে

Aaj India Desk, কলকাতা: অভয়ার সৎকার ঘিরে ওঠা অভিযোগের তদন্তে বড় পরিবর্তন। এতদিন যে মামলার তদন্ত করছিল রাজ্য পুলিশ, এবার সেই তদন্তভার তুলে দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর হাতে। অর্থাৎ, অভয়ার দেহ সৎকারের আগে এবং পরে কী ঘটেছিল, সেই অভিযোগের তদন্ত এবার করবে CBI।

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। খড়দহ থানায় দায়ের হওয়া ৪৩২/২০২৬ নম্বর মামলাটিকেও আরজি করের মূল CBI মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আরজি কর মামলায় CBI-এর মূল মামলা RC No. 10/2024।

অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল—এই অভিযোগকে কেন্দ্র করেই খড়দহ থানায় মামলা হয়। সেই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় সোমনাথ দেকেও (Somnath Dey)। তবে এই মামলায় পুলিশের তদন্তের পদ্ধতি নিয়েই প্রশ্ন তোলে হাইকোর্ট।

শুনানিতে বিচারপতি শম্পা সরকার জানতে চান, যখন আরজি করের মূল ঘটনার তদন্ত ইতিমধ্যেই CBI করছে, তখন খড়দহ থানার পুলিশ কীভাবে নতুন করে FIR করে তদন্ত শুরু করল? পুলিশ কি জানত না যে এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে রয়েছে? এমনকী আদালতের সঙ্গে চালাকি করে এই FIR করা হয়েছিল কি না, সেই প্রশ্নও ওঠে শুনানিতে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষও পুলিশের FIR করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, কোনও অভিযোগ পাওয়ার পর পুলিশ যদি সরাসরি FIR করে তদন্ত শুরু করে, তাহলে একই নিয়ম অন্য ক্ষেত্রেও মানা উচিত। এতে আদালতে মামলার চাপও কমতে পারে।

হাইকোর্টের প্রশ্ন, আরজি কর কাণ্ডের তদন্ত যখন CBI করছে এবং ইতিমধ্যেই তারা তদন্তের জন্য বিশেষ দলও তৈরি করেছে, তখন রাজ্য পুলিশ নতুন করে কেন তদন্ত শুরু করল? যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এটি তদন্তের দ্বিতীয় পর্যায়। ১০ অগাস্ট পাওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছিল।

শেষ পর্যন্ত আদালত স্পষ্ট করে দেয়, যে মূল মামলার তদন্ত CBI-এর হাতে রয়েছে, সেই মামলার সঙ্গে যুক্ত বিষয়ে রাজ্য পুলিশ আলাদাভাবে তদন্ত চালাতে পারে না। তাই খড়দহ থানার মামলার তদন্তভারও CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটিকে আরজি করের মূল CBI মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন