স্নেহা পাল, চেন্নাই: পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের পরিচিত কৌশল এবার দেখা গেল তামিলনাড়ুতে (Tamil Nadu)। নির্বাচনের আগে ভোর ৬টার মধ্যে ১.৩১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল ৫,০০০ টাকা।
এম কে স্টালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু (Tamil Nadu) সরকার Kalaignar Magalir Urimai Thogai প্রকল্পে মোট ৬,৫৫০ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাসের জন্য মাসিক ১,০০০ করে মোট ৩,০০০ এবং অতিরিক্ত গ্রীষ্মকালীন সহায়তা হিসেবে ২,০০০ একসঙ্গে দেওয়া হয়েছে।
অর্থ স্থানান্তর সম্পন্ন হওয়ার পরই তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর বক্তব্য, “এই উরিমাই থোগাই মহিলাদের প্রতি আমার দেওয়া প্রতিশ্রুতি। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি পিছিয়ে যাব না।” নির্বাচনের অজুহাতে তিন মাসের জন্য প্রকল্প বন্ধের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, এই অর্থ দৈনন্দিন সংসার খরচ, চিকিৎসা এবং শিশুদের শিক্ষার ব্যয় মেটাতে সহায়ক হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ফের ক্ষমতায় এলে মাসিক অনুদান ২,০০০ করা হবে।
শাসক দল DMK মনে করছে, এই আগাম অর্থছাড় মহিলা ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে এবং গ্রামীণ এলাকায় সংগঠনের ভিত আরও মজবুত করবে। নতুন রাজনৈতিক শক্তির দিকে ভোটার সরে যাওয়ার প্রবণতা ঠেকাতেও এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।


