কলকাতা: নির্বাচনী আবহে গেরুয়া শিবিরে ভাঙন। অন্যদিকে, তৃণমূল (TMC) ঘাঁটিতে বড় সংযোজন। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার প্রভাবশালী বিজেপি (BJP) নেতা চন্দন মন্ডল। এদিন দুপুরে কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ এবং নেতা সুজিত রায়ের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন চন্দন মন্ডল।
এই দলবদল তাঁর রাজনৈতিক নয়, বরং ‘নৈতিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন চন্দন মন্ডল। ময়নার মানুষের জন্য কাজ করতেই শাসক শিবিরে যোগ দিয়েছেন বলে জানালেন প্রাক্তন বিজেপি (BJP) নেতা। উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির জেলা সম্পাদক থাকার পাশাপাশি সম্প্রতি জেলা কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন চন্দন মন্ডল।
X Link: https://x.com/AITCofficial/status/2022221603309072687
বিশেষ করে ময়না এলাকায় তাঁর উল্লেখযোগ্য প্রভাব ছিল। পূর্ব মেদিনীপুরের তমলুক, ময়না, কাঁথি বিজেপি-গড় বলেই পরিচিত। সেই ময়না থেকে দাপুটে নেতার বিদায়ে কি সিঁদুরে মেঘ দেখবে বিজেপি? চন্দন মন্ডলের দলবদল নিয়ে যদিও এখনও পর্যন্ত বিজেপির কারও মন্তব্য শোনা যায়নি।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে বন্যার পর যে খগেন মুর্মুকে কেন্দ্র করে শাসক-বিরোধী বিবাদ চরমে ওঠে, সম্প্রতি তাঁর স্ত্রী অরুণা মার্ডিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল আঁচ করেই কি স্ত্রীকে এগিয়ে দিয়ে রাস্তা খোলা রাখছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু? বলে উঠেছিল প্রশ্ন।


