কলকাতা: “আমি জানি না এটাই আমার শেষ বিবৃতি কি না… আমি যে কোনও সময় খুন হয়ে যেতে পারি।” রবিবার নারকেলডাঙা থানার সামনে দাঁড়িয়ে এই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরপর তিন দিন হামলার চেষ্টার অভিযোগ তুলে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দেন, “শুভেন্দু অধিকারী কি আমার ডেডবডি দেখতে চান?”
বেলেঘাটায় গাড়ি ঘিরে হামলার অভিযোগ
কুণালের (Kunal Ghosh) দাবি, শনিবার, রবিবার-সহ টানা তিন দিন তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। এদিন বেলেঘাটায় তাঁর গাড়ি ঘিরে কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, হামলাকারীরা গাড়ির কলার ধরে টানছিল, গাড়িতে ঝুলছিল এবং কাচ ভেঙে তাঁকে বের করে আনার চেষ্টা করছিল। তিনি পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
“ওরা কি আমার ডেডবডি দেখতে চায়?”
নারকেলডাঙা থানায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কুণাল (Kunal Ghosh) বলেন, এটি তাঁর বিরুদ্ধে চার নম্বর হামলার চেষ্টা। তাঁর কথায়, শুধু নিজের প্রাণ নয়, তাঁর সঙ্গে থাকা সহকর্মীদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। “ওরা কি আমার ডেডবডি দেখতে চায়? আমি শুধু নিজেকে নিয়ে চিন্তিত নই, আমার সঙ্গে যারা থাকে, তাঁদেরও কিছু হয়ে যেতে পারে।”
‘মুখ ঢাকা বাইক বাহিনী’ তাড়া করেছে, দাবি
কুণালের আরও অভিযোগ, কলকাতার রাস্তায় মুখ ঢাকা একাধিক বাইক আরোহী তাঁকে অনুসরণ করছিল। তাঁর দাবি, দু’বার বাইক সামনে এসে রাস্তা আটকে দেয়! একবার ফুলবাগানের একটি গলিতে, আরেকবার হাসপাতালের কাছে। তিনি (Kunal Ghosh) আরও দাবি করেন, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁর নিরাপত্তারক্ষী রিভলবার বের করতে বাধ্য হন।
বিজেপিকে কাঠগড়ায়, পাল্টা অস্বীকার গেরুয়া শিবিরের
ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, উত্তরপাড়ার আগের হামলার ঘটনাতেও তিনি বিজেপির এক মণ্ডল সভাপতির ছবি প্রকাশ করেছিলেন। তাই বিজেপির অস্বীকার তিনি মানতে নারাজ।
অন্যদিকে, বিজেপি বিধায়ক সজল ঘোষ ইতিমধ্যেই বেলেঘাটার ঘটনায় বিজেপির কোনও যোগ থাকার অভিযোগ খারিজ করেছেন।
এবার নজর তদন্তে
কুণালের অভিযোগের পর কলকাতা পুলিশ কী পদক্ষেপ করে, সিসিটিভিতে কী ধরা পড়েছে এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


