Aaj India Desk, কলকাতা: বারুইপুর আদালতে (Baruipur Court) আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে (Sayan Banerjee) লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় এবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে।
মঙ্গলবার ভাঙড় কলেজের (Bhangar College) অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া এসএফআই সদস্যদের হয়ে আদালতে সওয়াল করতে গিয়েছিলেন সিপিআইএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় বারুইপুর আদালত চত্বরেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর দাবি, আইনজীবীর পোশাক পরা অবস্থাতেও তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে।
ভাঙড় কলেজে অশান্তির সূত্রপাত হয় গত রবিবার। এবিভিপি সমর্থকদের সঙ্গে এসএফআই এবং আইএসএফ সমর্থকদের বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সেই উত্তেজনা আরও বাড়ে। ঘটনায় কয়েকজন এসএফআই এবং আইএসএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া এসএফআই সদস্যদের হয়ে আইনি লড়াই করতে মঙ্গলবার বারুইপুর আদালতে পৌঁছন সায়ন বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর আদালতেও বিক্ষোভ দেখান আইনজীবীরা। আদালতের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। আইনজীবীদের অভিযোগ, আদালত চত্বরে একজন আইনজীবীকে হেনস্থা করে শুধু তাঁর নয়, আদালতের মর্যাদাকেও ক্ষুণ্ন করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়।
এর মধ্যেই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আসে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে জানান, ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। পরে আইনজীবীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। তা না হলে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ফের আদালতের সমস্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তাঁরা। এই সিদ্ধান্তের পর বুধবার আদালতের গেট খুলে দেওয়া হয়।


