27.7 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

‘কলকাতা থেকে থানায় থানায় যেত অর্ডার’ তৃণমূল জমানার ভোট নিয়ে বড় দাবি প্রাক্তন আমলার

Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন রাজীব সিনহা (Rajiv Sinha)। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি রাজ্য নির্বাচন কমিশনারের (ECI) দায়িত্বেও ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা থেকে এবার বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন এই আমলা। তাঁর বক্তব্যে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রাজীব সিনহার দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় রিগিং হয়েছিল। শুধু ভোটগ্রহণ নয়, ভোটগণনার সময়ও নানা ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে জেলাশাসক বা পুলিশ সুপারকে পাশ কাটিয়ে সরাসরি কলকাতা থেকে জেলার থানাগুলিতে নির্দেশ পাঠানো হত।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাজীব সিনহা জানান, নির্বাচন কমিশনার থাকাকালীন কোনও অভিযোগ পেলে তিনি জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতেন। কিন্তু অনেক সময় জেলাশাসক জানাতেন, পুলিশ সুপার তাঁর কথা শুনছেন না। আবার পুলিশ সুপারের সঙ্গে কথা বললে বলা হত, থানায় সরাসরি কলকাতা থেকে নির্দেশ আসছে। সেই নির্দেশ কে দিচ্ছে জানতে চাইলে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যেত না।

রাজীব সিনহার আরও দাবি, সেই সময় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্তাদেরও অনেক ক্ষেত্রে অসহায় অবস্থায় থাকতে হত। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নিয়মিত কথা হলেও, তাঁদের হাতে থাকা ক্ষমতা সবসময় কাজে লাগানো সম্ভব হত না বলেই তাঁর মনে হয়েছে।

তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশের পর তাঁকে অন্তত ২০০টি মামলার শুনানি করতে হয়েছিল। সেখানে অভিযোগকারীদের বক্তব্য শুনে তাঁর খারাপ লাগত। কিন্তু অনেক ক্ষেত্রেই তাঁর করার মতো বিশেষ কিছু ছিল না। কারণ, জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের তরফে পাঠানো চিঠিতে অভিযোগের ক্ষেত্রে কার্যত ক্লিনচিট দেওয়া থাকত।

রাজীব সিনহার দাবি, কোনও ঘটনার সিসিটিভি ফুটেজ চাওয়া হলে অনেক সময় জেলা থেকে জানানো হত, ফুটেজ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি ক্যামেরা হারিয়ে যাওয়ার অভিযোগে এফআইআর করার কথাও বলেছিলেন।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনারের এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তৃণমূল সরকারের আমলে প্রশাসনের ভূমিকা এবং নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে তাঁর এই অভিজ্ঞতার কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের তরফে যেখানে বারবার বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তোলা হয়, সেখানে রাজীবা সিনহার এই বক্তব্য ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন এবং তৎকালীন প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে পাল্টা প্রশ্নের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন