ওয়াশিংটন: ট্রাম্পপুত্রের বিয়ের অনুষ্ঠান, প্রাইভেট দ্বীপ আর চোখধাঁধানো আতশবাজি। কিন্তু এই বিলাসবহুল আয়োজনের খরচ দিলেন কে? উত্তর সামনে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্পের বিয়ের পর বাহামাসে আয়োজিত দু’রাতের অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন রুশ ব্যবসায়ী উমার ক্রেমলেভ। বিষয়টি নিজেরাই স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, উমার তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং এটি ছিল তাঁর দেওয়া ‘বিয়ের উপহার’।
কিন্তু এখানেই শেষ নয় গল্প। কারণ উমার ক্রেমলেভ এমন একজন রুশ ব্যবসায়ী, যাঁর সঙ্গে ক্রেমলিন ঘনিষ্ঠতার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে তিনি International Boxing Association বা IBA-র প্রধান। একই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে বিতর্কের জেরে IBA-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে International Olympic Committee।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন ট্রাম্প পরিবারের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিপুল অর্থ খরচ করলেন একজন রুশ ব্যবসায়ী? আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কি জানতেন এই বিষয়টি? সাংবাদিকদের সেই প্রশ্নের মুখে ট্রাম্পের বক্তব্য আরও কৌতূহল তৈরি করেছে। তিনি দাবি করেছেন, উমার ক্রেমলেভ কে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। এমনকি তাঁর নামও শোনেননি বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি বিয়ের পরের অনুষ্ঠানে অর্থ দিয়েছেন, তবে বিষয়টি বড় কিছু নয়।
অন্যদিকে ট্রাম্প জুনিয়র ও বেটিনা জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত আনন্দের মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে টেনে আনা দুর্ভাগ্যজনক।
প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। একদিকে রাশিয়া-আমেরিকার টানাপোড়েন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) পরিবারের সঙ্গে এক রুশ ব্যবসায়ীর ঘনিষ্ঠতার দাবি। তার উপর কয়েক লাখ ডলারের বিলাসবহুল বিয়ের আয়োজনের খরচ।
সত্যিই কি এটি শুধুই বন্ধুর দেওয়া বিয়ের উপহার?নাকি এই সম্পর্কের আরও কোনও দিক এখনও প্রকাশ্যে আসেনি? এই মুহূর্তে নিশ্চিত উত্তর নেই। তবে ট্রাম্প পরিবারের বিয়েকে ঘিরে রুশ যোগের এই খবর যে নতুন করে প্রশ্ন তুলেছে, তা স্পষ্ট।


