Aaj India Desk, কলকাতা: কলকাতার ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস খালি করার জন্য দমকল বিভাগের দেওয়া নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
দমকলের তরফে ওই বহুতলের সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই কারণ দেখিয়ে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়। এর ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার কথা বলা হয়েছিল। দমকলের এই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এর আগে আদালত নোটিসটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও দিয়েছিল।
বুধবার মামলার শুনানিতে আদালত জানায়, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল যে জবাব দমকলকে দিয়েছিল, তা নতুন করে খতিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে দমকল আধিকারিকরা ফের ওই ভবনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবেন। তবে তার আগে তৃণমূলকে লিখিতভাবে জানাতে হবে, ঠিক কোন দিন এবং কখন দমকলের আধিকারিকরা অফিসে পরিদর্শনে যাবেন। নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে সরেজমিনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে হবে।
অগ্নিসুরক্ষা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটিও তৃণমূলকে স্পষ্ট করে জানাতে হবে দমকলকে। সেই নির্দেশগুলি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দলকে সময় দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, তৃণমূল সেই নিরাপত্তা বিধি না মানলে তবেই দমকল আইন মেনে পরবর্তী পদক্ষেপ করতে পারবে।
ক্যামাক স্ট্রিটের এই অফিসকে ঘিরে এর আগে অন্য একটি ঘটনাতেও উত্তেজনা তৈরি হয়েছিল। অবৈধ বিলবোর্ড সরাতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক-অনুগামীদের বচসা হয়। পরে পুলিশের সঙ্গেও হাতাহাতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় হাইকোর্টে মামলা হয় এবং পরে তৃণমূল সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়। এর মধ্যেই ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের মালিককে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নোটিস দিয়েছিল দমকল। সেই নোটিসকে ঘিরেই এবার কলকাতা হাইকোর্টে বড় নির্দেশ এল।


