29 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

কলকাতা পুলিশের ভলেন্টিয়ারদের নতুন ড্রেস কোড, কমলা পোশাকে দেখা যাবে পুজোয়

Aaj India Desk, কলকাতা: পুজোর ভিড়ে এবার নজরে পড়বে এক নতুন ছবি। রাস্তায় যানজট সামলানো হোক কিংবা মণ্ডপের সামনে মানুষের লাইন সর্বত্রই দেখা যেতে পারে কমলা পোশাক পরা একদল কর্মীকে। তাঁরা কলকাতা পুলিশের ভলেন্টিয়ার। পুজোর ভিড় সামলানোর দায়িত্বে থাকা এই স্বেচ্ছাসেবকদের জন্য এবার বিশেষ পোশাক এবং টুপি তৈরি করছে লালবাজার। আর সেই আয়োজনেই খরচ হচ্ছে প্রায় ৮৯ লাখ টাকা।

প্রতি বছর দুর্গাপুজোর আগে শহরের নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ স্বেচ্ছাসেবক নিয়োগ করে। তাঁদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানো হয়। এতদিন সাধারণ হাফ হাতা টি-শার্ট পরে দায়িত্ব পালন করতেন তাঁরা। এবার সেই চেনা ছবিটাই বদলাতে চলেছে।

কী থাকছে নতুন পোশাকে?

এবার ২০ হাজার ভলেন্টিয়ারের জন্য তৈরি হচ্ছে বিশেষ কমলা পোশাক। তবে সব পোশাকের রং এক হবে না। দুই ধরনের কমলা রঙের জামা তৈরি করা হচ্ছে। একটি হবে গাঢ় কমলা, অন্যটি হালকা কমলা।

পোশাকগুলি হবে ফুলহাতা এবং কলার দেওয়া। দীর্ঘক্ষণ রাস্তায় বা মণ্ডপ এলাকায় দায়িত্ব পালনের কথা মাথায় রেখেই এই নকশা করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু পোশাকেই থেমে থাকছে না আয়োজন। ভলেন্টিয়ারদের জন্য তৈরি হচ্ছে কমলা রঙের টুপিও। জামার সামনে সাদা রঙে থাকবে কলকাতা পুলিশের লোগো। পাশাপাশি তাঁদের পরিচয় স্পষ্ট করতে সামনে ছোট এবং পিছনে বড় করে লেখা থাকবে ‘কলকাতা পুলিশ ভলেন্টিয়ার’।

কোথায় দেখা যাবে এই ভলেন্টিয়ারদের?

পুজোর সময় শহরের বড় বড় মণ্ডপে ভিড় সামলানোর কাজে তাঁদের মোতায়েন করা হবে। কোনও মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা আচমকা বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবেন তাঁরা। মণ্ডপের ভিতরে যাতে অতিরিক্ত ভিড় জমে না যায়, সেদিকেও নজর থাকবে।

এর পাশাপাশি ভলেন্টিয়ারদের একটি অংশ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন। ফলে পুজোর কয়েক দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কমলা পোশাকের এই স্বেচ্ছাসেবকদের দেখা যেতে পারে।

লালবাজার সূত্রে খবর, ২০ হাজার পোশাকের জন্য ৭৩ লাখ টাকা এবং টুপির জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে পুজোর ভিড় সামলাতে ভলেন্টিয়ারদের এই নতুন পোশাক-পরিচয়ের পিছনে খরচ হচ্ছে ৮৯ লাখ টাকা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন