Aaj India Desk, কলকাতা: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) আগে ফের প্রকাশ্যে এল তাপস রায়ের তীব্র মন্তব্য। তাঁর দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরভোটে প্রার্থী হলে মানুষের ভোটে তাঁর জেতার সম্ভাবনা কম। অথচ দল চাইলে সেই সুদীপের হয়েই প্রচারে নামবেন, পদযাত্রাও করবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এই মন্তব্য ঘিরেই এবার প্রশ্ন উঠছে, কলকাতা পুরভোটে বিজেপির কৌশল ঠিক কী? আর এনসিপিআই-এর সঙ্গে সম্ভাব্য সমীকরণই বা কোন দিকে যাচ্ছে?
এদিন তাপস রায় বলেন, ‘‘কেউ পছন্দ করে না, পুরভোটে দাঁড়ালেও সুদীপকে জেতানো কঠিন। মানুষের ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতার কোনও সম্ভাবনা নেই।’’ এমনকী, সুদীপকে তাঁর পুরনো ৫৩ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছেন তাপস। তবে দল নির্দেশ দিলে তাঁর হয়ে প্রচারে নামতেও আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
পুরভোটে BJP-র অঙ্ক কি ?
পুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন (Kolkata Municipal Election) হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তার আগেই কলকাতা পুরভোটে বিজেপি এবং এনসিপিআই-এর সম্ভাব্য সমীকরণ নিয়ে প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, তাঁদের দল ইতিমধ্যেই লিখিতভাবে এনডিএ-তে যোগ দিয়েছে এবং দিল্লিতে এনডিএ-র সঙ্গেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে নির্বাচনে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলেই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বলে জানান তিনি।
অন্যদিকে, কলকাতা পুরভোট (Kolkata Municipal Election) পরিচালনার জন্য বিজেপির তৈরি কমিটির দায়িত্বে থাকা সুকান্ত মজুমদার আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপি একাই নির্বাচনে লড়তে পারে। সেখানেই তৈরি হয়েছে মতপার্থক্য। এনসিপিআই সাংসদ তথা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এনডিএ-র শরিক দল হিসেবেই তাঁরা নির্বাচনে একসঙ্গে লড়বেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনায় এমন সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ফলে পুরভোটের আগে একদিকে সুদীপকে নিয়ে তাপস রায়ের মন্তব্য, অন্যদিকে বিজেপি-এনসিপিআই জোট নিয়ে দুই শরিকের ভিন্ন দাবি নতুন রাজনৈতিক অঙ্কের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত কলকাতা পুরভোটে বিজেপি একা লড়বে, নাকি এনসিপিআই-এর সঙ্গে সমঝোতার পথ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।


