Aaj India Desk, হুগলি : জমির পর্চা হাতে পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই নয়, পর্চা ডাউনলোড করার পর নিজের জমির তথ্যের জায়গায় অন্য ব্যক্তির নাম দেখা যাচ্ছে এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলেন আরামবাগের সাধারণ চাষিরা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ(Hemanta Bag)-র হস্তক্ষেপ চেয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে আরামবাগ BLRO অফিসের আধিকারিকদেরও দ্রুত পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।
অভিযোগকারী চাষির দাবি, আগে নতুন পর্চার জন্য আবেদন করার পর মাত্র চার-পাঁচ দিনের মধ্যেই তা হাতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে একটি পর্চার জন্য আবেদন করার পর প্রায় এক মাস অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষার পর যখন BLRO অফিস থেকে পর্চা ডাউনলোডের মেসেজ আসছে, তখনও সমস্যা মিটছে না। বরং নির্দিষ্ট ROR নম্বর দিয়ে পর্চা ডাউনলোড করতে গিয়ে দেখা যাচ্ছে, সেখানে অন্য ব্যক্তির নাম রয়েছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর ঠিক থাকার পরেও নামের ক্ষেত্রে গরমিল দেখা দেওয়ায়। একজন চাষির কথায়, নিজের জমির দাগ ও খতিয়ান নম্বর থাকা সত্ত্বেও পর্চায় অন্য চাষির নাম কীভাবে চলে আসছে, সেটিই তাঁর কাছে বড় প্রশ্ন।
এই পরিস্থিতিতে বিধায়ক হেমন্ত বাগকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন ওই চাষি। তাঁর বক্তব্য, বিধায়ক ব্যস্ত থাকলেও যদি কিছুটা সময় বের করে আরামবাগ BLRO আধিকারিকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন, তাহলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে।
পাশাপাশি প্রশাসনের কাছে প্রকাশ্যে অভিযোগ জানাতে বাধ্য হওয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি। তাঁর দাবি, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখানো উদ্দেশ্য নয়, বরং দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সামনে আনতে হয়েছে।
এদিকে রুদ্রনীল সামন্ত জানিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন। ফলে প্রশাসনিক স্তরে এই অভিযোগের পর এবার কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর চাষিদের।


